নিজস্ব প্রতিবেদক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরেও থাকছে না পূর্ণাঙ্গ ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। ঘরোয়া টুর্নামেন্ট ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে বিপিএলে ডিআরএস রাখতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
তিনি বলেন, ‘ডিআরএসের ব্যাপারটা হলো, এটা এলিমিনেটরে (প্লে-অফ) থাকবে। তিনটা ম্যাচ হয়, আরেকটা ফাইনাল। এখানে পূর্ণাঙ্গ ডিআরএস থাকবে।’
এডিআরএস-এর বিষয়ে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘বাকি ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি। যেটি গতবার ছিল, তার থেকে আপগ্রেড ভার্সনের ডিআরএস থাকবে। যেটাকে আমরা বলি অল্টারনেট ডিআরএস।’
পূর্ণাঙ্গ ডিআরএস না থাকার বিষয়ে মল্লিক বলেন, ‘এই সময় সারা বিশ্বে সব জায়গায় খেলা হচ্ছে। এখন মূলত হক আই পাওয়া যাচ্ছে না। সাধারণত দুইটা কোম্পানি থাকে- হক আই ও ভার্চুয়াল আই। ভার্চুয়াল আই অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের ওখানে করে। হক আই যেহেতু দ্বিপক্ষীয় সিরিজে চুক্তিবদ্ধ থাকে, তাই শুধু এলিমিনেটরে (প্লে-অফ) আমরা আনতে পারব।’
আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।
এস.আর/নিউজক্রিকেট২৪
