নিজস্ব প্রতিবেদক »
আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে। এবারের বিপিএলের প্রাইজমানিও বাড়ানো হয়েছে। দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রাইজমানি মোট ৪ কোটি টাকা ধরা হয়েছে।
বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক গণমাধ্যমের সাথে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন।
এ প্রাইজমানির ৪ কোটি টাকার মধ্যে ২ কোটি টাকা চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে। ১ কোটি টাকা পাবে রানার-আপ দল।
আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। এবারে বিপিএলে সাতটি দল অংশগ্রহণ করছে। আসরকে সামনে রেখে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যে নিজেদের খেলোয়াড় নির্বাচন চূড়ান্ত করেছে।
এবারের নবম আসরে অংশ নেওয়া দলগুলো হলো- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল। সিলেটে মাশরাফি বিন মুর্তজা, বরিশালে সাকিব আল হাসান এবং খুলনার হয়ে খেলবেন তামিম ইকবাল। এছাড়া লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
এস.আর/নিউজক্রিকেট২৪
