স্টাফ রিপোর্টার »
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ করতে এখনো বাংলাদেশে আসেনি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। অথচ আর মাত্র ৫ দিন পর ৬ জানুয়ারি থেকে শুরু বিপিএল। সামনে নিজেদের ব্যস্ত সূচির জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র সার্টিফিকেট (এনওসি) দিচ্ছে না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড
বিপিএলে অংশগ্রহণকারী প্রায় সবগুলো দলই নিলাম এবং সরাসরি চুক্তিতে বেশ কিছু শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছিল। শ্রীলঙ্কার ক্রিকেটাররা না আসলে একাদশ গঠন করতে বেশ বিপাকেই পড়তে হবে দলগুলোকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তবে বিসিবি এখনো আশাবাদী অধিকাংশ ক্রিকেটারদের আনার ব্যাপারে। জনাব নিজাম জানান, ‘তারা তাদের সূচি এবং টুর্নামেন্ট সম্পর্কে আমাদের জানায়৷ তবে সর্বাধিক খেলোয়াড় আনার ব্যাপারে আমরা এসএলসি’র সভাপতি এবং সিইউর সাথে কথা বলছি।’
এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৪ জন লংকান ক্রিকেটারকে দলভুক্ত করে। এছাড়া বিপিএলের উদ্ভোধনী ম্যাচেও অংশ নিতে হবে তাদের। এছাড়া প্রায় প্রতিটি দলই ২ জন করে লংকান ক্রিকেটার দলে ভিড়িয়েছিল।
