নিজস্ব প্রতিবেদক »
চলতি বছর ভালো খারাপ মিলিয়ে কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে ২০২৩ সালটা বাংলাদেশের ইতিহাসের সেরা বছর হবে বলে জানিয়েছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন সংগঠনের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীর এক হোটেলে জমকালো এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি লাভ করেন সাকিব আল হাসান। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন তারকা এই অলরাউন্ডার।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানিয়েছেন ব্যক্তিগতভাবে এটি তার সেরা অর্জন। একই সঙ্গে আসন্ন ২০২৩ সালটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা বছর হবে বলে মনে করেন এ তারকা ক্রিকেটার।
সাকিব বলেন, ‘আমি শেষ সংবাদ সম্মেলনে (ভারতের বিপক্ষে সিরিজ শেষে) যেটা বলেছি ২০২৩ সালটা আমি মনে করি আমাদের জন্য, আমাদের ক্রিকেট ইতিহাসের সেরা বছর হবে।’
২০২৩ সালে দুটো বড় ইভেন্ট রয়েছে। যা এশিয়া কাপ ও বিশ্বকাপ। যেখানে দুটোই ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
শুধু ওয়ানডেতেই নয়, বাকি দুই ফরম্যাটেও সেরা বছরটা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য বলে জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘এটা আমি বিশ্বাস করি, মনেপ্রাণেই বিশ্বাস করি এমনটা হবে। আর এটা শুধু একটা ফরম্যাটে না, তিনটা ফরম্যাটেই।’
এস.আর/নিউজক্রিকেট২৪
