নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। গাড়ি চালানোর সময় নিজ শহর উত্তরখন্ডের রুর্কি এলাকাতে এ দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। শিগগিরই নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে এই উইকেটরক্ষককে।
শুক্রবার (৩০ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ঋষভ পান্ত নিজের বিএমডব্লিউতে করে উত্তরখন্ড থেকে নয়া দিল্লিতে ফিরছিলেন। তার সাথে আর কেউ ছিলেন না। তবে কোনো কারণে রাস্তার ডিভাইডারের ওপর গাড়ি তুলে দেন তিনি। এতে গাড়িতে আগুন ধরে যায়। হালকা আগুন ধরলেও পান্তের গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর সাথে সাথে পান্তকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে নয়া দিল্লির আরেকটি হাসপাতালে নেয়া হয়েছে এই উইকেটরক্ষককে।
কয়েকদিন আগেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে গেছেন পান্ত। যেখানে মিরপুর টেস্টে দারুণ খেলেছেন তিনি। যার ফলে প্রথম ইনিংসে তার করা ৯৩ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় ভারত।
নতুন বছরের শুরু শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তবে সিরিজে পান্তকে রাখেনি ভারত।
অন্যদিকে, শ্রীলঙ্কা সিরিজ চলার সময় বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে যোগ দেয়ার কথা ছিল পান্তের। আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। তবে এই উইকেটরক্ষক ব্যাটারকে অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া যাবে কি না তা নিয়েও রয়েছে শঙ্কা।
এস.আর/নিউজক্রিকেট২৪
