মেয়েদের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল ঘোষণা

স্টাফ রিপোর্টার »

আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে বৃহস্পতিবার ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সুযোগ পেয়েছেন জাতীয় দলের তিন ক্রিকেটার।

অনূর্ধ্ব-১৯ এর নারীদের আসরে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে থাকছেন দিশা বিশ্বাস। এ টুর্নামেন্টে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছে স্বর্ণা আক্তার। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের লেগ স্পিনার রাবেয়া খান, উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার ও অলরাউন্ডার মারুফা আক্তার। তিন জনেরই অভিষেক হয়েছে বাংলাদেশ নারী দলের সর্বশেষ নিউজিল্যান্ড সফরে।

এছাড়া ১৫ জনের মূল স্কোয়াডের সঙ্গে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আরও চার ক্রিকেটারকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘দুই বছর ধরেই একসঙ্গে আছে, এমন একটি দলকেই নির্বাচন করেছি আমরা। ফলে দলীয় সমঝোতা ও সংহতি দারুণ।’

দলের প্রস্তুতি নিয়েও বেশ খুশি মঞ্জুরুল। তিনি বলেন, ‘অধিনায়ক দিশা বিশ্বাস, রাবেয়া, মারুফা আক্তার ও দিলারা আক্তার নিউজিল্যান্ডে সিনিয়র দলের হয়ে সফর করেছে, তিনজন তো আন্তর্জাতিক ম্যাচও খেলে ফেলেছে। মালয়েশিয়া জাতীয় দলের সঙ্গে আমাদের অনূর্ধ্ব-১৯ দল পাঁচটি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে। প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এ দল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আত্মবিশ্বাসী আমি।’

আগামী ১ জানুয়ারি জোহানেসবার্গের উদ্দেশে দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৯ দল ছাড়বে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের ক্যাম্পে ঢোকার আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের বাংলাদেশ দল: দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার (সহ-অধিনায়ক), রাবেয়া , মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানি সাহা, রিয়া আক্তার শিখা, সুমাইয়া আক্তার, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, উন্নতি আক্তার, দিপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন অর্থি, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।

স্ট্যান্ডবাই: সুর্বণা কর্মকার, নিশিতা আক্তার নিশি, রাবেয়া খাতুন, জুয়ারিয়া ফেরদৌস।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »