স্টাফ রিপোর্টার »
আবারও আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হলেন রশিদ খান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি। এরপর মোহাম্মদ নবির অধীনে পরপর দুই বছর দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে আফগানরা।
এবারের বিশ্বকাপ আফগানিস্তানের মোটেও ভালো কাটেনি। যেখানে একটি ম্যাচও জিততে পারেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে রশিদ-নবিরা। সেদিনই টি-টোয়েন্টি অধিনায়কের পদ ছাড়েন নবি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এর চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ জানিয়েছেন, টি-টোয়েন্টি রশিদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় আফগানিস্তান। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে রশিদের নতুন বিশ্বকাপ শুরু হবে।
রশিদ এক বিবৃতিতে বলেছেন, ‘অধিনায়কত্ব অনেক দায়িত্বের ব্যাপার। এর আগেও দেশকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে আমার। এখানে দারুণ সব ছেলে রয়েছে যাদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। আমরা একসঙ্গে থাকার চেষ্টা করবো।’
২০১৯ সালের সেপ্টেম্বরে তিন মাসের জন্য আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছিলেন রশিদ। সেই সময়ে সাত ম্যাচ খেলে দলকে চার ম্যাচে জিতেছিল। সব ফরম্যাট মিলিয়ে ১৬ ম্যাচে তার অধীনে ৭টিতে জয় পেয়েছে আফগানরা।
২০২১ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রশিদকে অধিনায়ক নির্বাচিত করেছিল এসিবি। তবে স্কোয়াড ঘোষণার পর স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি।
এস.আর/নিউজক্রিকেট২৪
