স্টাফ রিপোর্টার »
২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। যেখানে মনোনয়ন পেয়েছেন বাবর আজম, অ্যাডাম জাম্পা, সিকান্দার রাজা এবং শেই হোপ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক বিবৃতিতে এমনটা জানিয়েছে।
২০২২ সালে মাত্র ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে এর মাঝেই ব্যাট হাতে দারুণ ছিলেন তিনি। ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করেছেন ডানহাতি এ ব্যাটার। এর মধ্যে সেঞ্চুরি করেছেন তিনটি। হাফ সেঞ্চুরি করেছেন পাঁচটি। অধিনায়ক হিসেবেও বছর দারুণ গেছে বাবরের। এই বছর তিনটি সিরিজ খেলে তিনটিই জিতেছেন বাবর।
এই বছরে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করেছেন শাই হোপ। যেখানে ২১ ম্যাচ খেলে ৭০৯ রান করেছেন। ব্যাটিং গড় ছিল ৩৫.৪৫। সেঞ্চুরি তিনটি। হাফ সেঞ্চুরি দুটি।
চলতি বছর ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন রাজা। যেখানে বল হাতে আটটি উইকেট শিকার এবং ব্যাট হাতে ৬৪৫ রানও করেছেন তিনি। ব্যাটিং গড় ৪৯.৬১, স্ট্রাইক রেট ৮৭.১৬। দুটি হাফ সেঞ্চুরির পাশাপাশি তিনটি সেঞ্চুরিও করেছেন তিনি।
এছাড়া তালিকায় একমাত্র বোলার হিসেবে রয়েছেন জাম্পা। যেখানে ১২টি ম্যাচ খেলে ৩০টি উইকেট শিকার করেছেন অজি এ স্পিনার।
