স্টাফ রিপোর্টার »
ভারতের সফরের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। সিরিজকে সামনে রেখে বুধবার ১৮ সদস্যের দুটি পৃথক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। দুই ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। টি-টোয়েন্টিতে তার ডেপুটি ভানিন্দু হাসারাঙ্গা ও ওয়ানডেতে কুসল মেন্ডিস।
টি-টোয়েন্টির দলে ভানুকা রাজাপাকসা ও নুয়ান থুসারাকে রাখা হয়েছে। জেফ্রি ভ্যান্ডারসে ও অভিষেকের অপেক্ষায় থাকা নুয়ানিদু ফার্নান্দো আছেন ওয়ানডে দলে। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সে দীর্ঘ সময় পর শ্রীলঙ্কা দলে ফিরেছেন আভিশকা ফার্নন্দো ও সাদিরা সামারাবিক্রমা।
চামিকা করুনারত্নে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) উজ্জ্বল অলরাউন্ড পারফরম্যান্সে দলে ফিরেছেন। ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে ১৬২.৬৮ স্ট্রাইক রেটে ১০৯ রান করার পাশাপাশি বল হাতে ৭ উইকেট শিকার করেছেন তিনি।
এলপিএলে জাফনা কিংসের হয়ে ৩ ফিফটিতে সর্বোচ্চ ৩৩৯ রান করে এবার জাতীয় দলেও ডাক পেলেন আভিশকা। লঙ্কানদের হয়ে সবশেষ গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন।
অন্যদিকে, লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দারুণ খেলেও ভারত সফরের দলে জায়গা হয়নি দিনেশ চান্দিমালের। সবশেষ এলপিএলে কলম্বো স্টার্সের হয়ে ১১ ইনিংসে ১২৬.৯৯ স্ট্রাইক রেটে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ২৮৭ রান ছিল চান্দিমালের। তবে ডাম্বুলা অরার হয়ে ৭ ইনিংসে স্রেফ ৯৫ রান করেও দলে সুযোগ পেয়েছেন রাজাপাকসা।
এছাড়া গত মাসে খেলা আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন ধনাঞ্জয়া লাকশান, আসিথা ফার্নান্দো।
গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছিলেন নুয়ানিদু। তবে আন্তর্জাতিক আঙিনায় পা রাখা হয়নি তার। এবার ভারতের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা হয়েছেন তিনি।
এখন পর্যন্ত ৩১টি প্রথম শ্রেণি ম্যাচ খেলে ৬ সেঞ্চুরিতে ১ হাজার ৭৭১ রান করেন নুয়ানিদু। ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচে দুই সেঞ্চুরিতে তার রান ৭৪৮। ৩৪ টি-টোয়েন্টিতে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে করেন ৭৬০ রান।
সবশেষ এলপিএলেও দারুণ খেলেছেন তিনি। গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে ১৩১.০৫ স্ট্রাইক রেট ও ৩০.১৪ গড়ে দুই ফিফটিতে করেন ২১১ রান।
আগামী ৩, ৫ ও ৭ জানুয়ারিতে তিনটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে। ১০, ১২ ও ১৫ জানুয়ারিতে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসানকা, আভিশকা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কুসল মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, আশেন বান্দারা, মাহিশ থিকশানা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিথা, দুনিথ ওয়েল্লালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, নুয়ান থুসারা।
শ্রীলঙ্কা ওয়ানডে দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসানকা, আভিশকা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কুসল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, আশেন বান্দারা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিথা, নুয়ানিদু ফার্নান্দো, দুনিথ ওয়েল্লালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা।
শ্রীলঙ্কা ও ভারতের সূচি:
১ম টি-টোয়েন্টি- ৩ জানুয়ারি, মুম্বাই
২য় টি-টোয়েন্টি- ৫ জানুয়ারি, পুনে
৩য় টি-টোয়েন্টি- ৭ জানুয়ারি, রাজকোট
১ম ওয়ানডে- ১০ জানুয়ারি, গোহাটি
২য় ওয়ানডে- ১২ জানুয়ারি, কোলকাতা
৩য় ওয়ানডে- ১৫ জানুয়ারি, ত্রিভান্দ্রাম।
