বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক »

দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও বিসিবির পক্ষ থেকে সিরিজের চূড়ান্ত সূচি নিশ্চিত করা হয়েছে। আগামী মার্চ থেকে দুই দলের এই সিরিজ মাঠে গড়াবে।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এবারের সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে ইংলিশরা।

আগামী পহেলা মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড। এরপর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ যথাক্রমে ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম দুই ওয়ানডে ঢাকাতে এবং শেষ ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

ওয়ান সিরিজ শেষ হলে এরপর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে এই দুই দল।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৯ মার্চ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ১২ ও ১৪ মার্চ। সিরিজের প্রথমটি চট্টগ্রামে এবং দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ঢাকায় অনুষ্ঠিত হবে।

বিসিবি তথ্যানুযায়ী, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে ইংল্যান্ড ক্রিকেট দল।

সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। সেবার দারুণ প্রতিযোগিতা করলেও ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা চারটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজই হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি-
প্রথম ওয়ানডে- ১ মার্চ, ঢাকা
দ্বিতীয় ওয়ানডে- ৩ মার্চ, ঢাকা
তৃতীয় ওয়ানডে – ৬ মার্চ, চট্টগ্রাম
প্রথম টি-টোয়েন্টি- ৯ মার্চ, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি- ১২ মার্চ, ঢাকা
তৃতীয় টি-টোয়েন্টি- ১৪ মার্চ, ঢাকা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »