ক্রীড়া প্রতিবেদক »
পাকিস্তানের ক্রিকেটের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে রয়েছেন দেশটির সাবেক অফ স্পিনার সাকলাইন মুশতাক। তবে তার জায়গায় প্রধান কোচ হয়ে ফিরতে যাচ্ছেন মিকি আর্থার। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের সামা টিভি।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। রমিজ রাজার জায়গায় পিসিবি প্রধানের দায়িত্ব পেয়েছেন নাজাম শেঠি। যার ফলে এখন যে দেশটির ক্রিকেটের বিভিন্ন জায়গায় পরিবর্তন আসতে পারে এটাই স্বাভাবিক।
কয়েকদিন আগেই পিসিবির চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হয়েছেন রমিজ রাজা। তার জায়গায় পিসিবির দায়িত্ব পেয়েছেন নাজাম শেঠি। এছাড়া দায়িত্ব নিয়েই প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে শহীদ আফ্রিদি, আব্দুর রাজ্জাক এবং রাও ইফতিখার আনজুমকে দায়িত্ব দেয়া হয়েছে।
এবার গুঞ্জন উঠেছে কোচিং প্যানেলে পরিবর্তন আনতে যাচ্ছে পিসিবি। তবে সেখানে বিদেশি কোচকে দায়িত্ব দিতে পারে দেশটির ক্রিকেট বোর্ড। সেই হিসেবে তালিকায় সবার শীর্ষে রয়েছেন মিকি আর্থার।
বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের দায়িত্বে রয়েছেন তিনি। তবে শিগগির সেখানে তার চুক্তির মেয়াদ শেষ হবে। অন্যদিকে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষে অন্তর্বর্তী কোচ সাকলাইনের সঙ্গে পিসিবির চুক্তিও শেষ হবে। সব মিলিয়ে সেই সময়ই আর্থার পাকিস্তানের কোচ হয়ে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে আর্থারকে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন পিসিবির সভাপতি নাজাম শেঠি। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেছিলেন, ‘আমি যখন ক্ষমতায় ছিলাম তখন আমাদের মিকি আর্থার ছিল, ফলাফলও স্পষ্ট ছিল। আমরা ওয়ানডে ও টেস্টে এক নম্বর ছিলাম এবং আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিলাম।’
অন্যদিকে, সামা টিভি জানিয়েছে, পিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন আর্থার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগে দলের সঙ্গে যোগ দেবেন আর্থার, এমন খবরও প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।
এর আগে ২০১৬ সালের মে থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে ছিলেন আর্থার।
