ক্রীড়া প্রতিবেদক »
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শেষ মুহূর্তে নিজেদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী করতে তিনজনকে দলে যুক্ত করেছে পাকিস্তান। তারা হলেন, স্পিনার সাজিদ খান ও দুই পেসার শাহনেওয়াজ দাহানি, মির হামজা।
সোমবার দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ম্যাচটি করাচিতে অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় টেস্টও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এখন পর্যন্ত সাত টেস্ট খেলেছেন সাজিদ। গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দলে ছিলেন তিনি। হামজা অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্ট খেলেছেন। অন্যদিকে, দাহানি পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত হলেও টেস্ট অভিষেক হয়নি এখনো।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েই এই তিন ক্রিকেটারকে যুক্ত করলেন শহীদ আফ্রিদি।
এক বিবৃতিতে সাবেক এই অলরাউন্ডার বলেছেন, পাকিস্তানের বোলিং লাইনআপকে শক্তিশালী করতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের লক্ষ্য এই বোলিং লাইনআপ যেন ২০ উইকেট তুলে নিতে পারে এক টেস্টে।
আফ্রিদি বলেন, ‘স্কোয়াড নিয়ে আমরা ভালো আলোচনা করেছি এবং এই ব্যাপারে সম্মত হয়েছি যে আমাদের বোলিং বিভাগকে শক্তিশালী করতে হবে এবং এক ম্যাচে ২০ উইকেট নেয়ার সেরা সুযোগ দিতে।’
পাকিস্তানের প্রথম শ্রেনির টুর্নামেন্ট সাজিদ, দাহানি ও হামজা দারুণ খেলেই টেস্ট দলে সুযোগ পেয়েছেন। যেখানে ২১ উইকেট শিকার করেছেন অফ স্পিনার সাজিl। হামজা ৪ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন। আর দাহানি দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। মূলত পাকিস্তানের সাদা বলের দলের সঙ্গে যুক্ত থাকায় খুব বেশি প্রথম শ্রেনির ম্যাচ খেলতে পারেননি তিনি।
