ক্রীড়া প্রতিবেদক »
রাসেল ডোমিঙ্গো, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও ওয়ানডের প্রধান কোচ। ওয়ানডেতে বরাবরই সুসময় কাটানো বাংলাদেশ দলের জন্য কোচ রাসেল ডোমিঙ্গোকে তেমন একটা বিচারের কাটগড়ায় দাঁঁড়াতে হয়না। তবে ইতোমধ্যে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ডোমিঙ্গো। এবার টেস্ট দলের দায়িত্বও হারাতে যাচ্ছেন ডোমিঙ্গো এবং তার সহযোগীরা।
ডোমিঙ্গোর আমলে বাংলাদেশ দলের টেস্ট সাফল্য একেবারেই হাতে গোনা। বরং সঠিক দিক নির্দেশনার অভাবে বেশ কিছু ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হারতে হয়েছে। নেই ব্যাতিক্রমী কোন উদ্যোগ। আর তাই এবার বাধ্য হয়েই টেস্টের কোচিং প্যানেলে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমে জানান, ‘টেস্ট দলের কোচিং প্যানেলে শীঘ্রই পরিবর্তন আসবে। একেকজন কোচের একেকরকম কৌশল থাকে। তবে একটা কথা, কোচের যেন দলের উপর ইমপ্যাক্ট থাকে। দলের মধ্যে তার ইনফ্লুয়েন্স এবং প্রভাব থাকে। আপনারা শিগগিরই কিছু পরিবর্তন দেখতে পাবেন।’
জনাব ইউনুস আরো জানান, ‘ আমরা অবশ্যই চাইব একটি শক্তিশালী দল। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে টেস্ট খেলছি শুধু খেলার জন্য।’
