ক্রীড়া প্রতিবেদক »
নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের দলকে নেতৃত্ব দিবেন বেন স্টোকস।
নিউজিল্যান্ড সফরের দলে ফিরেছেন স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস এবং ড্যান লরেন্স। তবে জায়গা হয়নি সর্বশেষ পাকিস্তান সফরে করাচি টেস্টে অভিষেকেই ৭ উইকেট শিকার করা লেগ-স্পিনার রেহান আহমেদের।
পিতৃত্বকালীন ছুটি থাকার কারণে পাকিস্তান সফরে খেলতে পারেননি পেসার ব্রড। বেন স্টোকসের অধিনায়কত্বে গত গ্রীষ্মে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল পটসের। এখন পর্যন্ত ৫ টেস্টে খেলে ২০ উইকেট শিকার সকলের নজর কেড়েছেন তিনি।
ওলি রবিনসনের অ্যাকশনে ফেরায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই টেস্টে খেলার সুযোগ পাননি পেসার পটস। পাকিস্তান সফরেও ইংলিশদের দল থেকে বাদ পড়েছিলেন তিনি।
চোট কাটিয়ে দলে ফিরেছেন ব্যাটার লরেন্স। সবশেষ মার্চ মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে দেশের হয়ে খেলেছিলেন তিনি। ১৫ সদস্যের দলে অলিভার রবিনসন রয়েছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজে ছিলেন। তবে সর্বশেষ ২০২১ সালের জুনে বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। এখন পর্যন্ত ৩ টেস্টে ১০ উইকেট শিকার করেছেন তিনি।
অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মার্ক উড। তবে ইংল্যান্ড দলের পক্ষ থেকে তাকে বিশ্রামে রাখা হয়েছে। গত সপ্তাহে করাচিতে ১৮ বছর বয়সী ম্যাচ উইনার স্পিনার রেহান আহমেদকে দলে রাখা হয়নি। যেখানে ৭ উইকেট শিকার করেছিলেন এ লেগ-স্পিনার।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৬ ফেব্রুয়ারি মাঠে গড়াবে। মাউন্ট মঙ্গানুইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এরপর ২৪ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ওয়েলিংটনে হবে।
ইংল্যান্ড টেস্ট দল
বেন স্টোকস (অধিনায়ক), জেমস এন্ডারসন, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, উইল জ্যাকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পটস, অলিভার রবিনসন, জো রুট ও ওলি স্টোন।
