ক্রীড়া প্রতিবেদক »
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিন সদস্যের নির্বাচক প্যানেলে তার সহযোগী হিসেবে থাকছেন আফ্রিদির খেলোয়াড়ী জীবনের সতীর্থ আবদুল রাজ্জাক এবং রাও ইফতেখার আঞ্জুম।
শনিবার (২৪ ডিসেম্বর) দেশটির এ তারকা ক্রিকেটারকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতি হিসেবে দলের সাথে যুক্ত হয়েছেন নাজাম শেটি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে দায়িত্ব আফ্রিদির নতুন কমিটির যাত্রা শুরু হবে।
এ তারকা ক্রিকেটারের নিয়োগের বিষয়ে পিসিবি নতুন সভাপতি বলেছেন, ‘আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার, পুরো ক্যারিয়ারে সাহসী ক্রিকেট খেলেছে। তার ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে, সব সংস্করণে সফলতার সঙ্গে খেলেছে।
নাজাম শেটি বলেন, সবচেয়ে বড় কথা, সেসব সময় তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সমর্থন করেছে। তাই আমরা সবাই মনে করেছি, আধুনিক ক্রিকেটের চাহিদা পূরণ করতে আফ্রিদির চেয়ে এই দায়িত্ব পালনের ভালো কেউ নেই।’
নতুন দায়িত্ব পেয়ে বেশ খুশি আফ্রিদি। তিনি বলেন, ‘বড় এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমার দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’
আগামী সোমবার (২৬ ডিসেম্বর) করাচি জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। একই ভেন্যুতে ২ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর আগামী ৯, ১১ ও ১৩ জানুয়ারি হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।
এস.আর/নিউজক্রিকেট২৪
