টেস্টে মনোযোগ দিতে আইপিএলের নিলাম থেকে নাম প্রত্যাহার করলেন ওকস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন আইপিএলের নিলাম থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ইংলিশ পেসার ক্রিস ওকস।টেস্ট ফরম্যাটে মনযোগ দিতেই এবারের আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইংলিশ টিম ম্যানেজমেন্ট এর সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন ওকস।মুলত জাতীয় দলের হয়ে নিয়মিত হতে এবং ইংলিশ টেস্ট দলে নিজের জায়গা পাকাপোক্ত করার লক্ষ্য নিয়ে, প্রয়োজনের তাগিদে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আইপিএলের নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করার ব্যাখ্যা দিয়ে ওকস বলেন: ‘এটা কোনোভাবেই সহজ সিদ্ধান্ত ছিল না। আমি সেখানে এখনও যাওয়ার ইচ্ছা পোষণ করছি। কেননা অর্থনৈতিকভাবে বা সবমিলিয়ে এটা দারুণ একটি আসর। কিন্তু শুধুমাত্র অর্থের দিকে তাকিয়ে এমন সিদ্ধান্ত আমি নিতে পারি না।’
‘আমার অনেকের সাথে কথা হয়েছে। কিছু ফ্র্যাঞ্চাইজির সাথেও কথা হয়েছে। গত গ্রীষ্মে আমি ইংল্যান্ডের হয়ে কোনো ম্যাচই খেলিনি। এবার আশা করি ইংল্যান্ড দলের সঙ্গে দারুণ একটি গ্রীষ্ম উপভোগ করব। টেস্ট পরিকল্পনায় আমি এখনও আছি যা আমাকে রব পরিষ্কারভাবেই জানিয়েছে। তবে এর জন্য আমাকে অবশ্যই ফিট থাকতে হবে। আমার হাঁটু ঠিক রাখতে হবে।’

এখন অব্দি আইপিএলে ৩ দলের (কলকাতা নাইট রাইডার্স,দিল্লি ক্যাপিটালস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) হয়ে খেলেছেন ওকস। আইপিএল ক্যারিয়ারে ২১ ম্যাচে ৩০ উইকেট নিয়েছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »