ক্রীড়া প্রতিবেদক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে ওয়ানডেতে বেশ ধারাবাহিক, এবং সবচেয়ে বেশি সাফল্য এসেছে এই ফরম্যাটেই। বর্তমান অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বেও বেশ স্বাচ্ছন্দ্যেই রয়েছে দলটি। তবে গত ভারত সিরিজে তামিমের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে সিরিজ টাইগাররা।
আর এ থেকেই প্রশ্ন আসতে পারে আসন্ন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের নেতৃত্বে থাকছেন কে। আর এই প্রশ্নের জবাব সরাসরি ঘোষণা না হলেও বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের বক্তব্যে এটি স্পষ্টত যে তামিম ইকবালই থাকছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের নেতৃত্বে।
জনাব জালাল ইউনুস সংবাদ মাধ্যমে জানান, ‘আমরা সরাসরি ঘোষণা না করলেও, তামিম ইকবালকে আমাদের পরিকল্পনা জানিয়েছি। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ থাকছে।’
এখন পর্যন্ত তামিমের নেতৃত্বে ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ২৭ টি ওয়ানডে ম্যাচ এবং জয়লাভ করেছে ১৬টি ম্যাচ। ৫৯.২৫ শতাংশ জয় নিয়ে কমপক্ষে ৫ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে তামিম রয়েছেন সবার শীর্ষে।
