ক্রীড়া প্রতিবেদক »
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে থাকলেও পিঠের চোটের কারণে খেলা হয়নি মোহাম্মদ শামির৷ ওয়ানডে সিরিজ হাতছাড়া হওয়ার পর এবার টেস্ট ম্যাচও খেলা হচ্ছে না ভারতীয় এই পেসারের। পিঠের চোট সেরে না ওঠায় তাকে নিয়ে কোনো সুখবর মিলছে না।
চোট যেন পিছু ছাড়ছে না শামির৷ টি – টোয়েন্টি বিশ্বকাপের আগেই চোটের কারণে বিশ্বকাপ খেলা হয়নি শামির। বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই দুই ম্যাচে শামিকে বড্ড প্রয়োজন ছিল ভারতের। বিসিসিআই সূত্র জানিয়েছে, শামির কাঁধের আশানুরুপ উন্নতি হয়নি৷ তাই টেস্ট সিরিজ খেলা নিয়ে সংশয় রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও টেস্ট সিরিজে অনেকটাই অনিশ্চিত শামি৷
সম্প্রতি এক টুইট বার্তায় শামি লিখেছেন, ‘ চোট জীবনে অনেক কিছু শেখায়। আমার গোটা ক্যারিয়ারে বারবার চোট আঘাত হেনেছে। এর থেকে অনেক কিছু শেখা যায়।কতবার চোট আঘাতে জর্জরিত হয়েছি সেটা কোনো ব্যাপার নয়। আমি সেই সমস্ত চোট থেকে শিক্ষা নিয়েছি এবং আরো শক্তিশালী হয়ে ফিরেছি ‘।
