নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভাঙা আঙুল নিয়ে ব্যাটিংয়ে নেমে, ম্যাচের শেষ বল অব্দি জয়ের জন্য লড়াই চালিয়ে গেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।যদিও শেষ অব্দি সফল হননি, তবুও এমন বীরত্বের জন্য বেশ প্রশংসা কুড়াচ্ছেন ভারতীয় অধিনায়ক। আঙুলের এমন নাজুক অবস্থা নিয়েও দলকে জোতানোর লক্ষ্যে রোহিত যে ঝুঁকিটা নিয়েছেন, তা দেখে রোহিতের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়।
গতকাল (মঙ্গলবার) ম্যাচের দ্বিতীয় ওভারে স্লিপে এনামুল হক বিজয়ের ক্যাচ নিতে গিয়ে, আঙুলে চোট পান রোহিত। চোট পাওয়ার সাথে সাথে মাঠ ছেড়ে যান তিনি। পরে প্রাথমিক চিকিৎসা শেষে হাতে ব্যান্ডেজ নিয়ে প্যাভিলিয়নে দেখা যায় তাকে।আর মাঠে নামার মতো অবস্থা না থাকায় রোহিতকে ম্যাচের পরিকল্পনায় রাখা হয়নি।
ভারতীয় দল যখন ব্যাটিংয়ে নামে তখনও রোহিতের ব্যাট হাতে নামা নিয়ে ছিল অনিশ্চয়তা।
ম্যাচের পরিস্থিতি প্রতিকূলে চলে যাওয়ায়, হাতে ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন রোহিত।ভাঙা আঙুল নিয়ে রোহিত যখন উইকেটে যান, তখন ভারতের স্কোর লাইন ছিল ৭ উইকেট হারিয়ে ২০৭। তখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৪৫ বলে ৬৫ রান।
ভাঙা আঙুল নিয়েও বাংলাদেশী বোলারদের উপর রীতিমতো ঝড় বইয়ে দেন রোহিত।২৮ বলে ৫১* রানের ঝড়ো ইনিংস খেলেন রোহিত। শেষ বলে ৬ রানের প্রয়োজন হলেও ছক্কা হাঁকাতে ব্যর্থ হন তিনি। ফলে, ৫ রানের নাটকীয় জয় পায় বাংলাদেশ।
ম্যাচ হারলেও রোহিতের সাহসী সিদ্ধান্তের জন্য ম্যাচ শেষে রোহিতের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়। রোহিতের বীরত্বের প্রশংসা করে দ্রাবিড় বলেন:’এমন সাহসিকতা দেখানো ছিল অসাধারণ। তার আঙুল বেশ বাজে রকমভাবে নড়ে গিয়েছিল। হাসপাতালে গিয়ে সেটা ঠিক করতে হয়েছে, হাতে সেলাই লেগেছে। কয়েকটা ইনজেকশন পুশ করে পরে ব্যাট করতে গিয়েছে। ‘রোহিতকে কৃতিত্ব দিতে হবে, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সে চাইছিল কি হতে পারে। সুযোগটা নিতে চাচ্ছিল। সে যেভাবে কাছাকাছি নিয়ে গেল তা দুর্দান্ত। অধিনায়ক হিসেবে সামনে থেকে সাহস দেখিয়েছে, সম্ভাবনা তৈরি করেছে। দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি।’
