এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিরিজের দ্বিতীয় ম্যাচেও সফরকারী ভারতকে ৫ রানে হারিয়ে, ১ ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ।

হোম অফ ক্রিকেট মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে, বাংলাদেশের দেওয়া ২৭১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে, সফরকারীদের ইনিংস থেমেছে ২৬৬ রানে। ফলে, প্রথম ম্যাচ ১ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচ ৫ রানে জিতে, এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ জিতে নিলো মিরাজ-সাকিবরা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭১ রানের লড়াকু পূঁজি পায় বাংলাদেশ।

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (মঙ্গলবার) টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা বাজেভাবেই হয়েছে টাইগারদের। স্কোরবোর্ডে মাত্র ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।বিজয় (১১),লিটন (৭),শান্ত (২১), সাকিব (৮), মুশফিক (১২) ও আফিফ (০) করে ফিরে যান।

দলের এমন বিপর্যয়ে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৮ম উইকেট জুটিতে এই দুজনের ১৪৮ রানের জুটি, খাদের কিনারা থেকে বাংলাদেশকে তুলে আনে সম্মানজনক স্থানে। মিরাজ তুলে নেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।৮ চার ও ৪ ছক্কায় ৮৩ বলে ১০০* রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। অর্ধশতকের দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও, আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে দলের স্কোরবোর্ডে ৭৭ রান জমা করে দিয়ে যান তিনি।

রিয়াদের বিদায়ের পর নাসুম আহম্মেদকে নিয়ে আরো ৫৪ রানের জুটি গড়েন মিরাজ। যার ফলে, নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭১ রানের পূঁজি দাঁড় করায় বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক হাঁকানো মিরাজ অপরাজিত থাকেন ১০০* রানে। নাসুমের ব্যাট থেকে আসে হার না মানা ১৮ রান।

ভারতের হয়ে বল হাতে ওয়াসিংটন সুন্দরের শিকার সর্বোচ্চ ৩ উইকেট।এছাড়া, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিকের শিকার দুটো করে উইকেট।

সিরিজ বাঁচাতে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের শুরুটাও ভাল হয়নি। ৬৫ রান তুলতেই প্রথম সারীর ৪ ব্যাটসম্যানকে হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে তারা। ৬ষ্ঠ উইকেট জুটিতে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল ১০৭ রানের দারুণ জুটি গড়ে ম্যাচে ফেরায় ভারতকে। দু’জনই তুলে নেন অর্ধশতক।দলীয় ১৭২ ও ১৮৯ রানের মাথায় শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল ফিরে গেলে আবারো ব্যাকফুটে চলে যায় সফরকারীরা।শেষ দিকে রোহিত শর্মা ২৮ বলে ৫৬* রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের শেষ বল অব্দি জমিয়ে রেখেছেন ম্যাচের উত্তেজনা।

শেষ ২ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৪০ রান।
উইকেটে ছিলেন রোহিত শর্মা ও মোহাম্মদ সিরাজ।
মাহমুদউল্লাহর ১৯ তম ওভারের প্রথম ৫ বলেই রোহিতের কল্যাণে ভারত তুলে নেয় ২০ রান। ওভারের শেষ বলে মোহাম্মদ সিরাজকে বোল্ড করে আবারো ম্যাচের উত্তেজনা ফিরিয়ে আনেন রিয়াদ। শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২০ রান, আর স্ট্রাইকে ছিলেন রোহিত। টানটান উত্তেজনাকর শেষ ওভারের প্রথম বলটি ডট দেন মোস্তাফিজ। দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দুই চারে চোখ রাঙানি দিচ্ছিলেন রোহিত।
চতুর্থ বল ডট দিয়ে ৫ম বলে আবারো রোহিতের ব্যাট থেকে আসে ছয়!! শেষ বলে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৬ রান। মোস্তাফিজের দারুণ ডেলিভারিতে শেষ বল থেকে কোন রানই তুলতে পারেনি রোহিত। যার ফলে, নাটকীয় ঠাসা এই ম্যাচের শেষ হাসিটি হেসেছে টাইগাররা।

টাইগারদের হয়ে বল হাতে পেসার এবাদতের শিকার সর্বোচ্চ ৩ উইকেট।এছাড়াও সাকিব ও মিরাজ নেন দুটো করে উইকেট।

উল্লেখ্য, এই জয়ের মধ্য দিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটোতে জিতে, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো টাইগাররা।সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »