ক্রীড়া প্রতিবেদক »
জ্যাক ক্যালিস, বিশ্বক্রিকেটে এক স্বরণীয় নাম। সর্বকালের সেরা অলরাউন্ডারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ক্যালিস ব্যাটে- বলে সমানতালে পারফর্ম করে রান ও উইকেট শিকারীর তালিকায় শীর্ষস্থানীয় একজন। আর এই ক্যালিসের ক্যারিয়ারের শুরুর সময়ের সাথে বাংলাদেশের নবীন ব্যাটার নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারের তুলনা করলেন কোচ রাসেল ডোমিঙ্গো।
কোচ, নির্বাচক ও ক্রিকেট সংশ্লিষ্টদের চোঁখে অসাধারণ প্রতিভা নাজমুল হোসেন শান্ত সাদা বলে এখনো নিজেকে সেই তুলনায় মেলে ধরতে পারেননি। ২০১৮ সালে ওয়ানডেতে অভিষিক্ত শান্ত এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে মাত্র ৬১ স্ট্রাইকরেটে ১৩.৫ গড়ে ১৮৯ রান করেন। টপ অর্ডারে ব্যাটিং করা শান্ত এখনো পাননি ফিফটির দেখা।
তবে কোচ রাসেল ডোমিঙ্গো মনে করেন শান্তকে আরো সুযোগ দেওয়া উচিৎ। ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অনুপস্থিতিতে ওপেনিংয়ে তামিমের স্থলে নেমে মেরেছেন গোল্ডেন ডাক। তা সত্যেও ২য় ওয়ানডেতে শান্তর উপরেই ভরসা রাখছেন ডমিঙ্গো।
ডোমিঙ্গো জানান, ‘সাদা বলের ক্রিকেটে এখনো সে পথ খুজে বেড়াচ্ছে। প্রথম ১২ টেস্টে জ্যাক ক্যালিসের গড় ছিল ১২। তা-সত্যেও কিন্তু ক্যালিস সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছিল। কিছু খেলোয়াড়কে নিয়ে তো আপনার ধৈর্য ধরা চাই।’
