নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে তাসকিন আহমেদকে পাচ্ছে না বাংলাদেশ। ওয়ানডে সিরিজের বাকী দুই ম্যাচের কোনটিতেই মাঠে দেখা যাবে না তাকে।ওয়ানডে অধিনায়ক তামিমের পর এবার তাসকিনও মিস করতে যাচ্ছেন পুরো সিরিজ।
চোটের কারণে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলেননি তাসকিন। জানা গিয়েছিল সিরিজের বাকী দুই ম্যাচ খেলবেন তিনি। চোট থেকে অনেকটা সেরেও উঠেছেন তাসকিন, আজ ফিরেছেন অনুশীলনেও। তবুও, তাসকিনকে পুরোপুরি ফিট মনে না হওয়ায় তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। আর তাই, ওয়ানডে সিরিজের বাকী ম্যাচ গুলোতে তাসকিনকে না খেলানোর সিদ্ধান্ত ম্যানেজমেন্টের।
বিসিএল খেলার সময় পিঠে চোট পান তাসকিন, যার কারণে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলেননি তিনি। তাসকিনের বদলি প্রথম ওয়ানডেতে দলে ডাকা হয়েছিল শরিফুলকে। তাসকিন এখন অনেকটা ফিট হলেও, বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো চান, এই সিরিজটা বিশ্রামে থাকুক তাসকিন। ম্যাচ খেলিয়ে তাসকিনকে নিয়ে ঝুঁকি না নিয়ে, বাকীদের পরখ করে দেখতে চান তিনি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন; ‘৩-৪ দিন আগে তাসকিন একটা ইনজেকশন নিয়েছে। আজ ৫-৬ ওভার বল করেছে। আমি জানি না সে বিশ্রাম চায় কি না। সামনে অনেক ম্যাচ আছে, দুটি টেস্ট আছে। এদিকে অন্য বোলারদের নিয়েও কাজ করা প্রয়োজন। তাই আমার মনে হয় না তাকে নিয়ে এখন কোনো ঝুঁকি নেওয়া উচিৎ। তবে সে সেরে ওঠার পথে আছে।’
