ক্রীড়া প্রতিবেদক »
একেই বলে ‘মরার উপর খাড়ার ঘা’। গতকাল মিরপুরে বাংলাদেশের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে ১ উইকেটে হেরে যায় রোহিত শর্মার ভারত। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং-ফিল্ডিং শেষ করতে না পারায় ভারতীয় দলকে ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

এছাড়াও ম্যাচটি ওডিয়াই সুপার লিগের অংশ বলে শীর্ষস্থানে থাকা ভারতীয় ক্রিকেট দলের মোট পয়েন্ট থেকে ১ পয়েন্ট কর্তন করা হয়। যদিও এতে তাদের সুপার লিগ তালিকার শীর্ষস্থানে কোন প্রভার পড়েনি। তবে ভবিষ্যতে এর ভোগান্তিতে পড়তে হতে পারে ভারতকে।
ম্যাচটিতে ভারত নির্ধারিত সময়ের চেয়ে চার ওভার পিছিয়ে ছিল। আইসিসির কোড অব কন্ডাক্ট ২.২২ অনুযায়ী ধীরগতির ওভারপ্রতি খেলোয়াড়দের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। সে হিসেবে রোহিতদের ৪ ওভারের জন্য ৮০ শতাংশ জরিমানা করা হয়।
ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে বিষয়টি অবগত করলে রোহিত তা অকপটে মেনে নেন। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
