ক্রীড়া প্রতিবেদক »
আজকের ভারত বধের অন্যতম নায়ক সাকিব আল হাসান তাদেরই বিপক্ষে বিশ্বসেরার তালিকায় স্থান করে নিয়েছেন। আজকের ম্যাচে সাকিবের ১০ ওভারে ২ মেইডেন সহ ৩৬ রানে ৫ উইকেট শিকার ভারতের বিপক্ষে বিশ্বের যেকোনো বাঁহাতি অর্থোডক্স স্পিনারের সেরা বোলিংয়ের রেকর্ড।
আজ মাঠে গড়ানো বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে সাকিবের ঘুর্ণি জাদুতে ভারতকে মাত্র ১৮৬ রানে অলআউট করে বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে তীরে এসে তরী ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে সাকিবের ফাইফারকে রাঙ্গিয়ে দেন মেহেদি হাসান মিরাজ। মিরাজের দৃঢ়তায় ভারতকে ১ উইকেটে হারায় বাংলাদেশ।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে সাকিবের ঘুর্ণিতে শুরু থেকে টুটি ছেপে ধরেন সাকিব। ভারতের ইনিংসের ১১ তম ওভারে বোলিংয়ে এসেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে বোল্ড করে এই অনন্য রেকর্ডের যাত্রা শুরু করেন সাকিব। তার পরের বলেই বিরাট কোহলিকে লিটনের তালুবন্দী করিয়ে ২য় উইকেট শিকার করেন সাকিব।
তারপর একে একে দীপক চাহার, শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দরের উইকেট নিজের ঝুলিতে পুরে ভারতের বিপক্ষে বাঁহাতি স্পিনার হিসেবে সেরা বোলিংয়ের মুকুট মাথায় পড়েন সাকিব। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইংল্যান্ডের এশলে গিলস। ভারতের বিপক্ষে তিনি ২০০২ সালে দিল্লিতে ১০ ওভারে ৫৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন।
এম.এস/ নিউজক্রিকেট২৪
