মিরাজ বীরত্বে টাইগারদের ১ উইকেটের নাটকীয় জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে, মেহেদি হাসান মিরাজের চমকে, সফরকারী ভারতকে নাটকীয় ভাবে ১ উইকেট হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

চরম নাটকীয়তায় ভরা এই ম্যাচে, শেষ উইকেট জুটিতে মোস্তাফিজকে সঙ্গে নিয়ে রেকর্ড ৫১* রানের ম্যাচ জয়ী জুটি গড়ে, বীরত্বের সাথে ম্যাচ জিতিয়ে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ।

ভারতের দেওয়া ১৮৭ রানের লক্ষ্যমাত্রা টপকাতে গিয়ে ১৩৬ রান তুলতেই ৯ উইকেট হারানোর পর, হারের স্বাদ নেওয়ার অপেক্ষায় ছিল বাংলাদেশ শিবির।টাইগারদের শেষ ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজ যখন উইকেটে যান, তখন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৫১ রান। কেইবা জানতো, ম্যাচের এমন পরিস্থিতি থেকে মিরাজ-মোস্তাফিজ  গড়বেন ইতিহাস!

মোস্তাফিজকে সঙ্গে নিয়ে ভারতীয় বোলারদের নাকানিচুবানি খাইয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছেন মিরাজ। মিরাজ-মোস্তাফিজের হার না মানা রেকর্ড ৫১ রানের জুটির উপর ভর করে সিরিজে ১-০ তে লিড নিলো বাংলাদেশ।

হোম অফ ক্রিকেট মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। লিটনের আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে দেননি সাকিব-এবাদতরা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে সাকিব-এবাদতের বিধ্বংসী বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি ভারতীয় ব্যাটাররা।ভারতের হয়ে লুকেশ রাহুল ব্যাতিত ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বাকীদের কেউ।লুকেশ রাহুলের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস। এছাড়াও, রোহিত (২৭), আইয়ার (২৪) ও ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে আসে ১৯ রান।যার ফলে, ৪১.২ ওভারে ১৮৬ রান তুলতেই গুটিয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে বল হাতে ১০ ওভারে ২ মেইডেনে মাত্র ৩৬ রান খরচায় ৫ উইকেট তুলে নেন সাকিব।
৮ ওভারে ৪৭ রান খরচায় ৪ উইকেট নেন পেসার এবাদত হোসেন।

ভারতের দেওয়া ১৮৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে, ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে সহজ লক্ষ্যটাও কঠিন করে তোলেছিল বাংলাদেশ।
ভারতীয় বোলারদের বোলিং তোপে ৩৯.৩ ওভারে ১৩৬ রানেই ৯ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
নিশ্চিত হার থেকে মেহেদী হাসান মিরাজের ৩৮* রানের মহাকাব্যিক ইনিংসের উপর ভর করে ৪ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রান আসে অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে। এছাড়াও সাকিবের ব্যাট থেকে আসে ২৯ রান।মিরাজের সাথে জয়ের আরেক নায়ক মোস্তাফিজের ব্যাট থেকে আসে মহাগুরুত্বপূর্ণ ১০* রান।

ফলে, এই ম্যাচে ভারতকে ১ উইকেটে হারিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান মিরাজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »