ক্রীড়া প্রতিবেদক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দল পাওয়া বিশ্বের প্রায় প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। বাংলাদেশের ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নয়। মূলত আইপিএলে সুযোগ পাওয়া মানে আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি বিশ্বের বাঘা বাঘা খেলোয়াড়দের সংস্পর্শ পাওয়া।
আসন্ন আইপিএলের নিলামের তালিকায় নাম দিয়েছেন ৬ বাংলাদেশি ক্রিকেটার। গতবারে দল না পাওয়া সাকিব আল হাসান এবারও নিলামে নাম দিয়েছেন। তাছাড়া আইপিএল নিলামে নাম দিয়েছেন সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ে ভরসার প্রতিক হয়ে উঠা লিটন দাস ও তাসকিন আহমেদ। এছাড়াও নাম তালিকাভুক্ত করেছেন, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
এদিকে বাংলাদেশে সফররত ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশী খেলোয়াড়দের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। বাংলাদেশের ক্রিকেটারদের বেশ ভালো জানাশোনা রোহিত শর্মা চান, আইপিএলে বাংলাদেশী ক্রিকেটাররা যেন সুযোগ পান।
রোহিত শর্মা বলেন, ‘আমি আশা করব তারা যেন দল পায়। কারণ তারা মানসম্পন্ন খেলোয়াড়ে ভরপুর একটা দল। আইপিএলের দলগুলোতে তারা পার্থক্য গড়ে দিতে পারে। আমি সত্যিই মনে করি তাদের সুযোগ পাওয়া উচিৎ। ‘
