ক্রীড়া প্রতিবেদক »
ভারতের বিপক্ষে আগামীকাল (রবিবার) থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে নিজেদের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের নতুন ওয়ানডের অধিনায়ক লিটন দাস। সংবাদ সম্মেলনে লিটন জানান, সিরিজ জেতাই তাদের একমাত্র লক্ষ্য। তাছাড়া উন্নতির ধারাবাহিকতা বজায় রেখে দিনকে দিন কিভাবে ভালো ক্রিকেট খেলা যায় সেদিকেও লক্ষ্য থাকবে তাদের।
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বেশ ধারাবাহিক দল বাংলাদেশ। বিশেষ করে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে। তবে এবার ভারতের বিপক্ষে তামিমের অনুপস্থিতিতে দেশের মাটিতে বড় দলের বিপক্ষে সিরিজে জেতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতকে নাস্তানাবুদ করতে বেশ আশাবাদী লিটন।
লিটন বলেন, ‘হোমে মূল লক্ষ্য সিরিজ জেতা। এটাই মূল লক্ষ্য থাকবে। তার চেয়ে বড় জিনিস হল ডে বাই ডে কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। উন্নতির জায়গা বাংলাদেশের ক্রিকেটে তো সবসময় থাকে।’
যে কোন ব্যবধানে সিরিজ জেতার লক্ষ্যে মুখিয়ে আছে বলে জানান লিটন। লিটন বলেন, ‘এই সিরিজ নিয়ে প্রত্যেক খেলোয়াড় অনেক আশাবাদী। বড় দলের বিপক্ষে খেলতে পারলে সুযোগ তৈরি হয়। ভালো পারফর্ম করলে চিন্তাভাবনা বদলে যায়। টপ লেভেলে যাওয়ার চিন্তাভাবনা আসে। বিগ সিরিজ, সব খেলোয়াড় অনেক উৎসাহী। ‘
