নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটির ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সিরিজের শেষ ওয়ানডে মিরপুরে হওয়ার কথা থাকলেও, এখন সেটা পরিবর্তন করে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী ১লা ডিসেম্বর বাংলাদেশে পা রাখবে ভারত জাতীয় ক্রিকেট দল।এই সফরে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিত-কোহলীরা।ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে দু’দলের ব্যাট-বলের লড়াই।
আগামী ৪,৭ ও ১০ ডিসেম্বর ওয়ানডে সিরিজের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে।পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।১০ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডে খেলে, প্রথম টেস্টের জন্য চট্টগ্রাম যাওয়ার কথা ছিল দু’দলের।কিন্তু শেষ অব্দি বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, একমাত্র টেস্ট ম্যাচটির পাশাপাশি বন্দর নগরীতে একটি ওয়ানডে ম্যাচেরও আয়োজন করার।আর তাই, সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটির ভেন্যু পরিবর্তন করে, মিরপুর থেকে সরিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
৪ ও ৭ ডিসেম্বর সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।তারপর দু’দল চলে যাবে বন্দরনগরী চট্টগ্রামে। আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি খেলবে দু’দল। ওয়ানডে সিরিজ শেষ করেই চট্টগ্রামে উভয় দল প্রস্তুতি শুরু করবে টেস্ট সিরিজের জন্য।১৪ ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।
চট্টগ্রামে প্রথম টেস্ট খেলে আবারো ঢাকায় ফিরবে দু’দল। আগামী ২৪ ডিসেম্বর আবারো মিরপুর বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল।
