ক্রীড়া প্রতিবেদক »
দুই ম্যাচের টি – টোয়েন্টি সিরিজে প্রথমটায় জয় পেলেও আজ নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আর তাতেই ১-১ সমতায় সিরিজ শেষ হয়। বাংলাদেশের দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানি ব্যাটার সাদ ও আরাফাতের ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৭ উইকেটের জয় পায় পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল।
মুলতানে ১৬৪ রানের জবাবে খেলতে নেমে শুরুটা যুৎসই হয়নি পাকিস্তানি ওপেনারদের। দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারায়।ওপেনার বাসিত আলীকে ফেরান তানভীর আহমেদ। শূন্য রানেই ফেরেন এই ওপেনার। আরেক ওপেনার শাইওয়াজ ইরফানকেও ফেরান তানভীর। ফেরার আগে ১১ বলে ১৬ রান করেন। এরপর তিনে খেলতে আসা তাইয়্যব আরিফ ব্যক্তিগত ৮ রানে ফিরে গেলে চাপে পড়ে দল।
স্বাগতিকদের সেখান থেকে টেনে তোলেন সাদ এবং আরাফাত। তারা দুজন মিলে গড়েন ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটি। আর এই জুটিতে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ৫০বলে ৭৯ রানের ইনিংস খেলেন সাদ। আরাফাত অপরাজিত থাকেন ৩৭ বলে ৫০ করে৷ বাংলাদেশের হয়ে ২৩ রানে ২ উইকেট নেন তানভীর।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১৬৩ রানের পুঁজি পায় নির্ধারিত ২০ ওভারে। বাংলাদেশের হয়ে ৪৩ বলে ৭৩ রানের ইনিংস খেলেন জিসান। রিজওয়ানের ব্যাট থেকে আসে ২৯ রান। স্বাগতিকদের হয়ে তিনটি উইকেট লাভ করেন আফসান্দ। দুটি উইকেট পান ইবতিসাম।
