ক্রীড়া প্রতিবেদক »
আসন্ন বিপিএলকে সামনে রেখে ফ্রাঞ্চাইজিগুলো এখন দল গোছাতে ব্যস্ত। গত বিপিএলের শেষদিকে এসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দিয়েছিল জাতীয় দলের নিয়মিত মুখ আফিফ হোসেন ধ্রুব। শিরোপা জিততে না পারলেও এই ব্যাটারের পারফরম্যান্সে খুশী ফ্রাঞ্চাইজিটি। তাই এবারের আসরেও তার উপর ভরসা রাখছে চট্টগ্রাম। তরুণ এই ব্যাটারকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করেছে তারা।
বিপিএলের গত আসরে চট্টগ্রামের হয়ে ২৩২ রান করেছিল আফিফ। তবে কোনো হাফ সেঞ্চুরির দেখা মেলেনি গত আসরে তার ব্যাট থেকে। ড্রাফটের আগে এক দেশী ক্রিকেটারের সরাসরি চুক্তি করার সুযোগ থাকায় আফিফকে দলে নিয়েছে চট্টগ্রাম। আগামী ২৩ নভেম্বর বিপিএলোর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ টি – টোয়েন্টি দলের নিয়মিত মুখ এখন আফিফ। তবে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো হচ্ছে না এই তরুণ ব্যাটারের৷ বিশ্বকাপেও তার কাছ থেকে আশানুরুপ ফল পায়নি টিম ম্যানেজমেন্ট।
