ক্রীড়া প্রতিবেদক »
আইসিসির বড় ইভেন্টে ভারতের ব্যর্থতা যেন নিত্যসঙ্গী৷ দ্বিপাক্ষিক সিরিজগুলোতে দাপট দেখালেও বড় ইভেন্টে খেই হারাচ্ছে ভারত।সদ্য সমাপ্ত টি – টোয়েন্টি বিশ্বকাপ থেকেও বিদায় নিয়েছে ভারত। আইসিসির কোনো বড় ইভেন্টে সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৩ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে৷
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসাইন মনে করেন, সাহসী ক্রিকেট খেলতে পারছে না ভারত। বড় মঞ্চে গিয়ে ভীতু ক্রিকেট খেলার কারনেই ব্যর্থ হচ্ছে ভারত।শিরোপা জিততে না পারার কারনও এটি৷
স্কাই স্পোর্টস ক্রিকেটে মাইকেল আথারটনের সাথে আলাপকালে নাসের বলেন, ‘ ভারত এখনো শক্তিশালী দল। আপনি কাগজ – কলমের হিসাবের দিকে লক্ষ্য করুন। আপনি তাদের ক্রিকেটারদের দিকে তাকান। যদিও তাদের কিছু চোটজনিত সমস্যা ছিল যা অন্য দলেরও ছিল৷ তবে তাদের নকআউট ম্যাচ খেলার ধরনে আরো পরিবর্তন আনতে হবে।’
এই প্রসঙ্গে নাসের আরো বলেন, ‘ নকআউট ম্যাচে গেলে তারা তাদের নিজেদের পুরোনো ধাঁচে ফিরে যায়। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ করে। তরুন ক্রিকেটার আসা নিয়েও অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কিন্তু সমস্যাটা ক্রিকেটারদের মধ্যে নয় সমস্যাটা চিন্তাধারায়’।
তিনি আরো বলেন, তাদের দলে ইয়ন মরগানের মতো একজন ক্রিকেটার দরকার যে ভয়ডরহীন ক্রিকেট খেলার জন্য অনুপ্রেরণা দিবে৷ যে বলবে ২০ ওভারে গিয়ে যে যার মতো করে পিটিয়ে আসো। আইপিএলে যেভাবে পিটিয়ে খেলো এখানেও তেমন খেলো। ভারতের জন্য এটি করো এবং সমালোচনা গায়ে মেখোনা৷ সমালোচনাকে একপাশে সরিয়ে রাখো। যদি তোমরা ১২০ রানেও আউট হয়ে যাও আমরা তোমাদের পাশে আছি’।
