তবে কি টি-২০ বিশ্বকাপের ট্রফি হবে ভাগাভাগি!

ক্রীড়া প্রতিবেদক »

আগামী রবিবার রোমাঞ্চকর টি-২০ বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে অঘটনের শিকার হওয়া দুটি দল ইংল্যান্ড ও পাকিস্তান। বহু চড়াই উৎরাই পেরিয়ে ফাইনালে দল দুটি। তবে ফাইনালে পড়তে পারে তারা বিপাকে। স্বাগতিক দেশ অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস বলছে, রবিবার মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা শতভাগ।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। এদিকে আবহাওয়া অফিস বলছে দিনটিতে ৮-২০ মিলিমিটার পর্যন্ত বৃ্ষ্টি হতে পারে। তবে ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। বৃষ্টির কারণে রবিবারে খেলা শেষ না হলে পরদিন আগের বন্ধ হওয়া খেলা থেকেই আবার শুরু হবে। মরার উপর খাড়ার ঘা হিসেবে ঐদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯৫ শতাংশ।

নিয়মানুসারে ম্যাচের ফলাফল পেতে হলে উভয়দলকে কমপক্ষে ১০ ওভার করে খেলতে হবে। নয়ত চ্যাম্পিয়ন শিরোপা ভাগাভাগি করে নিতে হবে উভয়দলকেই। যদি বৃষ্টিতে ফাইনাল ভেসে যায় তবে তা হবে ২০০২ সালের  আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পূণরাবৃত্তি। সেবার রিজার্ভ ডেতেও খেলার নিষ্পত্তি না হওয়ায় শিরোপা ভাগাভাগি করেছিল ভারত ও শ্রীলঙ্কা।

চলতি বিশ্বকাপে বেশ কিছু ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। ফাইনালের ভেন্যু মেলবোর্নেই টানা তিনটি ম্যাচ পরিত্যাক্ত হয় এই বৃষ্টির কারণে। তাই ফাইনালে বৃষ্টির হানা যথেষ্ট ভোগাবে আয়োজক ও দর্শকদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »