ভারতের বিপক্ষে সিরিজ হাই ভোল্টেজ মনে করে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক »

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। সিরিজের সূচি অনেক আগেই প্রকাশ করেছে বিসিবি এবং এই সিরিজিরে জন্য ইতিমধ্যে দলও ঘোষণা করেছে ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন মনে করেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই বাংলাদেশ-ভারত সিরিজটি হবে হাই ভোল্টেজ সিরিজ।

মঙ্গলবার (০৮ নভেম্বর) মিরপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপাকালে একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। নিজামউদ্দিন বলেন, ‘ভারত সিরিজ অনেক হাই ভোল্টেজ সিরিজ। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আমাদের আন্তঃবিভাগীয় যে সমন্বয় সভা, সেগুলো আমরা নিয়মিত করছি। আজকেও তারই ধারাবাহিকতায় একটা মিটিং ছিল। আমরা সুবিধাগুলো দেখছি। আপনারা জানেন যে ঢাকা ও চট্টগ্রামে খেলা হবে। আমরা দেখছি এই দুই ভেন্যুর ফ্যাসিলিটিজে কোনো কিছু রক্ষণাবেক্ষণ বা সংযোজনের প্রয়োজন আছে কিনা। আমাদের কার্যক্রম অব্যাহত আছে।’

এই সিরিজকে ঘিরে ভারত দলের বাড়তি কোনো চাওয়া আছে কিনা এমন প্রসঙ্গে তিনি জানান, স্বাভাবিক নিয়মেই সব কিছু আয়োজনের প্রস্তুতি নেয়া হবে। তিনি বলেন, ‘সেরকম কিছু না। সিরিজের আগে ভারতের ‘এ’ দল বাংলাদেশ সফর করবে। ভারতের যে চাহিদা, অন্য আন্তর্জাতিক দলের বেলাতেও তা-ই থাকে। আমরা সেরকম পরিকল্পনা করেই এসব বাস্তবায়ন করি। সেভাবে আমাদের কাজগুলো চলছে।’

নিরাপত্তা বিষয়ে নিজামউদ্দিন জানান সরকারে নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। তারাই সব ব্যবস্থা নেবেন। প্রধান নির্বাহী বলেন, ‘নিরাপত্তার ব্যাপারটা পুরোপুরি সরকারের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগের হাতে, তারাই সিদ্ধান্ত নেবেন। যেকোনো আন্তর্জাতিক সিরিজে যে প্রোটোকল আছে সেটাই আমরা চাইব। এর বাইরে বাড়তি যদি তারা দরকার মনে করেন সেভাবেই করবেন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »