নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আগামী বুধবার (২ নভেম্বর) এশিয়ার পরাশক্তি ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমির দৌড়ে টিকে থাকতে দুদলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কোন ধরনের অনুশীলন ছাড়াই ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। ম্যাচের আগে কোন ধরনের অনুশীলন না করে, ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আগামী মঙ্গলবার (১ নভেম্বর) অ্যাডিলেডে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু পরবর্তীতে ক্রিকেটার ও কোচদের সাথে আলোচনা করে, অনুশীলন বাতিল করে ক্রিকেটারদের বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট।মুলত একের পর এক ভেন্যু পরিবর্তনে ক্রিকেটারদের উপর ভ্রমণ ক্লান্তির আলাদা একটা চাপ যাচ্ছে।আর তাই সবদিক বিবেচনা করে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ অনুশীলন বাতিল করলেও যথাসময়ে অনুশীলন করবে ভারত। সর্বশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে কিছুটা অস্বস্তিতে ভারতীয় শিবির। আর তাই বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে, প্রস্তুতির কমতি রাখতে চায়না রোহিত-কোহলিরা।
গ্রুপ-২ থেকে কোন দলটি সেমির দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবে, এই ম্যাচ শেষে তা অনেকটা বোঝা যাবে। এই ম্যাচে জয়ী দলই সুপার টুয়েলভ থেকে সেমিফাইনালে উঠার লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশ-ভারত উভয়ের পয়েন্ট সমান ৪। দু’দলই ৩ ম্যাচের বিপরীতে হেরেছে একটি ম্যাচ।
