ক্রীড়া প্রতিবেদক »
ক্রিকেটের সাথে যুদ্ধ শব্দটি বড্ড বেমানান । তবুও ভারত – পাকিস্তান ম্যাচের আগে পারিপার্শ্বিক অবস্থা কিছুটা অন্যরকম হয়ে যায়। তাইতো ভারত পাকিস্তান ম্যাচকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচ বলা হয়। অনেকে তো এই ম্যাচকে মহারণও বলে থাকেন৷
ভারত – পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ, বাড়তি উন্মাদনা। ভক্ত সমর্থকদের মধ্যেও কাজ করে অন্যরকম আবেগ৷ ক্রিকেট বিশ্ব অপেক্ষায় থাকে এই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার অপেক্ষায় ।
পরপর দুটি টি – টোয়েন্টি বিশ্বকাপেই ভারত – পাকিস্তান একই গ্রুপে৷ সবশেষ তিনবারের দেখাতে দুইবারই পরাজিত হয়েছে ভারত। তাই এবার রোহিত কোহলিদের প্রতিশোধ নেওয়ার পালা৷ অন্যদিকে বাবর – নেওয়াজরাও অপেক্ষায় আরো একটি জয় ছিনিয়ে নিতে৷ এই ম্যাচ নিয়ে দুই দেশের সাবেক ক্রিকেটারদের মধ্যে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে কথার লড়াই ।
ভারতকে অনেকটাই দুশ্চিন্তায় ফেলেছে নিয়মিত পেসার জসপ্রিত বুমরাহর না থাকা। তবে প্রস্তুতি ম্যাচে সামির দুর্দান্ত বোলিং কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে ভারতকে৷ অনেক দিন রান খরায় ভুগতে থাকা কোহলিও রানে ফিরেছেন এশিয়া কাপ থেকে। সূর্য কুমার যাদবের দারুণ ফর্মও ভারতকে বেশ শক্তি যোগাচ্ছে।
অপরদিকে শক্তিশালী বোলিং লাইন – আপ নিয়ে অনেকটাই এগিয়ে পাকিস্তান। পাকিস্তানি বোলারদের সাম্প্রতিক পারফরম্যান্স যার বড় প্রমাণ। তাছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন শাহীন আফ্রিদি৷ ব্যাটিংয়ে রিজওয়ানের পাশাপাশি অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজও হতে পারেন বাবর আজমের তুরুপের তাস।
রবিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা দুইটায় মুখোমুখি হবে দুদল। ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সবকিছু ছাপিয়ে জয় হতে পারে তৃতীয় প্রতিপক্ষ বৃষ্টির। বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ম্যাচ চলাকালীন সময়ে৷
