নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরুর আগে বাংলাদেশ দলের মূল চিন্তার নাম পরফরম্যান্স। মাঠের পারফরম্যান্সের যে অবস্থা তাতে এবার বিশ্বকাপে বাংলাদেশে দলের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করাটা নিতান্তই বোকামি।
অন্যান্য দল যেখানে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ব্যস্ত, বাংলাদেশ দল সেখানে সেরা একাদশের টিম কম্বিনেশন খুঁজতে ব্যস্ত। এক ওপেনিংয়ে কাকে খেলানো হবে সেটাই যেন ঠিক করতে পারছে না। তবে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পরার্মশক শ্রীধরন শ্রীরাম জানিয়েছেন ওপেনিং নিয়ে কোনো সমস্যা নেই তার কাছে।
অস্ট্রেলিয়ায় অনুশীলনের সময় সাংবাদিকদের সাখে আলাপকালে এমন কথা জানিয়েছেন শ্রীরাম। ওপেনিং নিয়ে এতো প্রশ্ন কেন সেটার মানেই খুঁজে পাচ্ছেন না টি-টোয়েন্টি দলের পরার্মশক। তিনি মনে করেন পুরো দলকে নিয়েই চিন্তা করা প্রয়োজন। শুধু ওপেনিং নিয়ে পড়ে থাকলে হবে না।
শ্রীরাম বলেন, ‘ওপেনিং নিয়ে আমরা সুনির্দিষ্ট কিছু চাই-ই চাই কেন? আগেও বলেছি, দল হিসেবে বাংলাদেশের দিকে তাকাতে হবে আমাদের। ওপেনিং নিয়ে আমরা এতটা পড়ে আছি কেন! এত প্রশ্নের মানেই দেখি না। দল হিসেবে বাংলাদেশ নিয়ে ভাবতে হবে আমাদের। আমাদের শিখতে হবে কীভাবে ম্যাচ জিততে পারি। আমি যেটা বলে আসছি, ম্যাচের পরের ভাগ নিয়ে ভাবতে হবে আমাদের। দ্বিতীয় ১০ ওভারের ব্যাটিং, দ্বিতীয় ১০ ওভারের বোলিং ভাবতে হবে।’
‘ আরও বলেন, ‘যতই আমরা দল হিসেবে খেলব, ততই ছেলেরা নিজেদের ভূমিকা বুঝতে পারবে। বিশ্বজুড়ে তাকান, সব দলই ব্যাটিং অর্ডার নিয়ে খুবই উন্মুক্ত। ফিঞ্চ চার নম্বরে ব্যাট করছে, ক্যামেরন গ্রিন ওপেন করছে। আমাদেরও ফ্লেক্সিবল হতে হবে। টি-টোয়েন্টিতে ফিক্সড ব্যাটিং অর্ডার জরুরি নয়। ম্যাচ আপ নিয়ে ভাবতে হবে।’
‘যেমন, আফগানিস্তানের বিপক্ষে খেললে মুজিবের বিপক্ষে দু’জন বাঁহাতি রাখাই যাবে না (ওপেনিংয়ে), একজন ডানহাতি লাগবেই। প্রপার ওপেনারের চেয়েও আরও অনেক বেশি গভীর ভাবনা চলছে এখানে। সেসব ভাবতে হবে। প্রপার ওপেনার বলতে কী বোঝাচ্ছেন, সেটাই বরং আলোচনার ব্যাপার।’
