নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্কটল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে হুমকির মুখে পড়ে গিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ মিশন। জিম্বাবুয়ের বিপক্ষে হারলেই য়াত্রার সমাপ্তি। এমন সমীকরণের ম্যাচে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে টিকে রইলো ক্যারিবীয়রা।
হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ১৫৩ রান। জবাবে ১৮.২ ওভারে ১২২ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ৩১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয়দের জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেছিলো জিম্বাবুয়ে। তবে বিপত্তি বাঁধে ইনিংসের তৃতীয় ওভারে। দলীয় ২৯ রানের মাথায় ৯ বলে ৩ চারে ১৩ রান করে আউট হন রেগিস চাকাভা। এরপর টপাটপ তার দেখানো পথ ধরেন শন উইলিয়ামস (১) ও টনি মুয়োঙ্গা (২)।
একপ্রান্ত আগলে ছিলেন ওয়েসলি মাধভেরে। দলীয় ৫৮ রানের মাথায় তারও ধৈর্য্যের বাঁধ ভাঙ্গে। ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৭ রান করে বিদায় নেন তিনি। এরপর বিদায় নেন ‘আশার আলো’ সিকান্দার রাজাও (১৪)। এক পর্যায়ে ৯২ রানেই ৭ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।
সেখান দলকে জেতানোর প্রাণপণ চেষ্টা করেন লুক জঙ্গে। তবে তার ২২ বলে ৩ চার ও ১ ছক্কার ইনিংসটা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। জঙ্গে আউট হতেই ১২২ রানে গুটিয়ে যায় জিম্বাবুইয়ানদের ইনিংস।
