দারুণ জয়ে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখলো আয়ারল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে আয়ারল্যান্ড। প্রথমপর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে আইরিশরা।

হোটার্বের বেলেরিভ ওভালে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে মাইকেল জোনেসের ফিফটিতে ৫ উইকেটে ১৭৬ রান করে স্কটল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে কার্টিজ ক্যাম্ফারের ফিফটিতে এক ওভারে হাতে রেখে জয় নিশ্চিত করে আয়ারলান্ড।

১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে অধিনায়ক অ্যান্ডি বালবিরনের (১৪) উইকেট হারায় আয়ারল্যান্ড। ৮ রান করা পল স্টার্লিং আউট হন দলীয় ২৯ রানে। এরপর লোরকান টাকার (২০) ও হ্যারি টেকটোর (১৪) অল্প সময়ের ব্যবধানে আউট হলে ৬১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড।

তবে পঞ্চম উইকেট জুটিতে কার্টিজ ক্যাম্ফার ও জর্জ ডকরেলে ব্যাট আয়ারল্যান্ড জয়ের স্বপ্ন দেখতে থাকে। এই দুইজনের ঝড়ো গতির ব্যাটিংয়ে স্কটল্যান্ডের কাছ থেকে ম্যাচ বের করে নিয়ে যায় আয়ারল্যান্ড। ফিফটির দেখা পান ক্যাম্ফার। এই দুই জনের দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ তুলে জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। ক্যাম্ফার ৩২ বলে ৭২ ও ডকরেল ২৭ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারে জর্জ মুনসের (১) উইকেট হারায় স্কটল্যান্ড। দ্বিতীয় উইকেট জুটিতে মাইকেল জোনেস ও ম্যাথু ক্রস ৫৯ রানের জুটি গড়েন। ক্রস ২৮ রান করে আউট হন। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক রিজি বেরিংটন ও জোনেস আরও ৭৭ রান যোগ করেন।

ফিফটির দেখা পান জোনেস। বেরিংটন ২৭ বলে ৩৭ রান করে আউট হন দলীয় ১৩৭ রানের সময়। এরপর জোনেসের ব্যাটে ভর করে স্কটল্যান্ডের ইনিংস ১৭০ ছাড়ায়। ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান করে স্কটল্যান্ড। জোনেস ৬টি চার আর ৪টি ছয়ের মারে ৫৫ বলে ৮৬ রান করে আউট হন। আইরিশ বোলার ক্যাম্ফার ২টি এবং অ্যাডয়ার ও লিটিল ১টি করে উইকেট নেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »