টি- টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে প্রথম হ্যাটট্রিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বিশ্বকাপের শুরুতেই দুইবার হ্যাটট্রিকের সম্ভাবনা জেগেও হয়নি। তবে তিনবারের বেলায় আর ভুল হলো না। এবারের আসরে প্রথম হ্যাটট্রিক আদায় করে নিয়েছেন আরব আমিরাতের কার্তিক মায়াপ্পন।

মায়াপ্পনের বদৌলতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর স্বাক্ষী হলো প্রথম হ্যাটট্রিকের। মায়াপ্পন শুরুটা করেছিলেন শ্রীলংকার ইনিংসের ১৫তম ওভারে।

সেই ওভারের শেষ তিন বলে ভানুকা রাজাপাকসে, চারিথ আশালঙ্কা এবং দাসুন শানাকাকে সাজঘরে ফিরিয়ে দিয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিকের কৃতিত্ব গড়লেন মায়াপ্পন।

১৪ ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিলো ২ উইকেট হারিয়ে ১১৪। সেখান থেকেই শুরু। ওভারের প্রথম তিন বলে দিলেন তিন রান। চতুর্থ বলেই তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ তুলে দেন ভানুকা রাজাপাকস।

পরের বলেই মায়াপ্পন তুলে নেন চারিথ আশালঙ্কাকে। দুর্দান্ত এক গুগলি ছোঁড়েন মায়াপ্পন। বলে ছিল এক্সট্রা বাউন্স। বল বেরিয়ে যাওয়ার মুহূর্তে ব্যাটের কানায় লাগিয়ে কোনো রান না করেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন আশালঙ্কা।

মায়াপ্পনের হ্যাটট্রিক বলের শিকার অধিনায়ক দাসুন শানাকা। শেষ বলটা ছিলো পিওর গুগলি। এমন বল যে কোনো বোলারের জন্য ড্রিম ডেলিভারী। তাতে পুরোপুরি বোকা বনে যান শ্রীলঙ্কান অধিনায়ক।

ব্যাট এবং শরীর পেতে দিয়েও বল ঠেকাতে পারলেন না তিনি। অসাধারণ এক গুগলি তার ব্যাট এবং শরীর ফাঁকি দিয়ে গিয়ে আঘাত করলো মিডল স্ট্যাম্পে! ব্যস! সঙ্গে সঙ্গেই হ্যাটট্রিকের আনন্দে-উল্লাসে মেতে ওঠে আরব আমিরাতের ক্রিকেটাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »