বাবরের সাথে কোন সমস্যা নেই মালিকের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাঝে গুঞ্জন উঠেছিল গনমাধ্যমে, পাকিস্তান দলপতি বাবর আজমের সাথে সম্পর্কটা ভাল যাচ্ছে না দলটির অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের! আর সেই কারণেই নাকি পাকিস্তান দলে জায়গা হচ্ছে না মালিকের। এছাড়া শোয়েব মালিকের বিশ্বকাপ দলে না থাকার ব্যপারে তরুণদের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন বাবর, এতে করে গুঞ্জন আরো ডালপালা মেলে গনমাধ্যমে। তবে এবার সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে শোয়েব মালিকের দাবী তার কারো সাথে কোন সমস্যা নেই।

বাংলাদেশের বিপক্ষে গতবছর সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন এই ক্রিকেটার। গত বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করলেও জায়গা পাননি পরের সিরিজে। এরপর থেকেই জাতীয় দলে আর ফেরা হয়নি অভিজ্ঞ এই ক্রিকেটারের।

এছাড়া, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ ছন্দে ছিলেন মালিক। ১৩৭.৩২ স্ট্রাইক রেটে ১১ ইনিংসে ৪০১ রান করেছিলেন তিনি। যেখানে তিনটি হাফ সেঞ্চুরিও ছিল তার। কদিন আগে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপেও ব্যাটে-বলে দারুণ করেছেন মালিক।

ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করে নিজেকে এতবার প্রমাণ করার পরও মালিকের দলের বাইরে থাকাটা অস্বাভাবিক লেগেছে ভক্ত-সমর্থকদের কাছে। তাই অনেকেই দাবী করেছিলেন, সম্ভবত অধিনায়ক বাবর আজমের সাথে সম্পর্কটা ভাল নেই মালিকের, আর সেই কারণে দলে জায়গা হারিয়েছেন মালিক।

তবে এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে, সামা টিভিকে দেয়া সাক্ষাৎকারে মালিক বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো সমস্যা নেই। আমি কারও বিরুদ্ধেও নেই। সব সময় ইতিবাচক থাকাই আমার ক্যারিয়ারে সফলতার রহস্য। আমাদের মধ্যে নিয়মিতই কথা হয়। আগে বেশি হতো, কিন্তু কেউ যখন অধিনায়ক হয়, তখন তাকে কাজের জায়গাটা করে দিতে হয়। আমি নিজেই এর মধ্য দিয়ে গিয়েছি। এ কারণে আগেও কখনো প্রভাবিত করার চেষ্টা করিনি, ভবিষ্যতেও করব না।দেখুন, আমার কাজ হলো ক্রিকেট খেলা। নির্বাচনের বিষয়টি নির্বাচক মহল, টিম ম্যানেজমেন্ট ও পিসিবির সিদ্ধান্ত। যখনই কোনো সুযোগ পাব, সেটা কাজে লাগানোর চেষ্টা করাই আমার কাজ।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »