নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কাল বাদে আগামী পরশু শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সীমিত সংস্করণের লড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যে আসরের টিকিট নিয়ে কড়াকড়ি লেগে গেছে। খেলা মাঠ গড়ানোর আগেই শেষ হয়ে যাচ্ছে ম্যাচের টিকিট।
আসরের সুপার টুয়েলভ পর্বের এখনও এক সপ্তাহ। এর মধ্যেই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে। কোনো গ্যালারির আসনই খালি নেই। নিজে দলের ম্যাচ মিস করতে রাজি নন অস্ট্রেলিয়ানরা।
আগামী ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া চাইবে আরেকবার জিততে আর কিউইরা চাইবে আগের আসরের হারের প্রতিশোধ নিতে।
টিকিট শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, প্রথমবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ লাখের বেশি টিকেট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ ছাড়াও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটও শেষ হয়ে গেছে। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ম্যাচের টিকেট ছাড়ার পর ঝড়ের গতিতে শেষ হয়ে যায়।
প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভের ম্যাচগুলো পর্যন্ত ২ বছর বয়সের নিচের শিশুদের ক্ষেত্রে টিকিট লাগবে না। তবে জন্য ২ থেকে ১৬ বছর বয়সীরা টিকিট কিনে খেলা দেখতে পারবেন। এদের টিকিটের দাম ধরা হয়েছে ৫ ডলার এবং প্রাপ্তবয়স্কদের জন্য ২০ ডলার থেকে শুরু।
