নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চোট কাটিয়ে পাকিস্তানি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি দলকে স্বস্তি দিয়ে ফিরলেও, দলের আরেক তারকা অলরাউন্ডার আসিফ আলীর চোট আবাতো অস্বস্তিতে ফেলেছে পাকিস্তান ম্যানেজমেন্টকে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি ত্রিদেশীয় সিরিজে ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়েছেন আসিফ! বিশ্বকাপের আগ মুহূর্তে দলের অন্যতম এই তারকার চোট খানিকটা চিন্তার ভাজ ফেলেছে পাকিস্তান শিবিরে।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিং করার সময় চোটাক্রান্ত হন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন আসিফ আলি। সেই সময় মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বোলিংয়ের জবাবে, ডেভন কনওয়ে জোরালো শট খেলেছিলেন। সেই শট বাঁচাতে গিয়েই বাউন্ডারিতে বেশ ঝুঁকি নিয়েই ডাইভ দিয়েছিলেন আসিফ আলি। সেই সময়ই মাঠে হাঁটুতে চোট পান তিনি। এরপরই মাঠে ফিজিওকে আসতে দেখা যায়। বেশ কিছুক্ষণ সেখানে তাঁর চিকিৎসা চলে। কিন্তু বেশ কিছুক্ষণ পর মাঠ ছাড়তে দেখা যায় আসিফ আলিকে। আর তাতেই যেন চিন্তার ভাঁজ দেখা দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কপালে।
পাকিস্তানের হয়ে বরাবরই বড় শট খেলতে দেখা গিয়েছে এই আসিফ আলিকে। যদিও এশিয়া কাপে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে তাঁর মতো ক্রিকেটার যে পাকিস্তান শিবিরকে বড় আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।আর তাই বিশ্বকাপে আগ মুহূর্তে আসিফ আলির চোট পাওয়াটা একেবারেই স্বস্তি দিচ্ছে না তাদের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাঁর চিকিৎসা। ৯ দিন পরই বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে সবচেয়ে হাই ভোন্টেজ ম্যাচে নামতে চলেছে পাকিস্তান।
আসিফের চোটের গভীরতা সমন্ধে এখনো পাকিস্তান ম্যানেজমেন্ট থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে কিছু গনমাধ্যমের দাবী বিশ্বকাপের শুরুর দিকের কয়েকটি ম্যাচ মিস করতে পারেন এই ক্রিকেটার।
