রিজওয়ান-বাবরের ক্লাসে মনোযোগী ছাত্র লিটন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ব্যাটার লিটন দাস। ব্যাট হাতে নিয়মিত রান করেই যাচ্ছেন এই ব্যাটার। তবে ক্যারিয়ারে খারাপ সময় আসতেই পারে। আর তখন কিরা উচিত?

এ ব্যাপারটা নিয়েই লিটনকে ধারণা দিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচশেষে দুই পাকিস্তানি ওপেনারের সঙ্গে দেখা করে কথা বলেন লিটন।

পাকিস্তান ক্রিকেট দলের অফিসিয়াল ফেসবুকে সেই কথাপকথনের একটি ভিডিও ক্লিপ ছাড়া হয়েছে। তাতে দেখা যায়, লিটন রিজওয়ানের কাছে জিজ্ঞাসা করছেন, যখন ভালো খেলেন তখন তো সবকিছু ভালোই যায়। কিন্তু খারাপ সময়ে মানসিকভাবে কীভাবে ঠিক থাকেন?

জবাবে রিজওয়ান বলেন, ‘মানসিকভাবে নিজেকে এক জিনিসের জন্য তৈরি করে ফেলো। ক্যারিয়ারে এমন ১০ ইনিংস যাবে যেখানে আমি সব করে ফেলতে পারবো, আবার এমন ১০ ইনিংস যাবে যেখানে কিছু করতে পারবো না।’

লিটনকে বড় খেলোয়াড় হওয়ার মন্ত্রণা জপে দিয়ে আরও একটি কথা বললন পাকিস্তানের অন্যতম সফল ব্যাটার। তিনি আরও বলেন, ‘যে বড় প্লেয়ার হবে সে এই ২০ ইনিংসে ৪ বার ফ্লপ হবে, ১৬ বার জিতবে।’

রিজওয়ানের কথার জবাবে লিটনকেও মাথা নাড়িয়ে সায় দিতে দেখা যায়। যেন বিজ্ঞ কোনো শিক্ষকের ক্লাসে মনোযোগী ছাত্র বাংলাদেশের বর্তমান সময়ের সেরা ওপেনার। লিটন বোধহয় জানেন, শেখার কোনো শেষ নেই। এটি চলমান একটি ধারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »