নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেকদিন ধরেই চোটের কারণে মাঠের বাইরে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। যদিও বর্তমানে পুর্নবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এবার ডাক্তারের পরামর্শ নিতে আগামী ২৪ জুলাই ভারতের দিল্লিতে যাচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
সর্বশেষ দেশের হয়ে ২০২১ সালের অক্টোবরে খেলেছিলেন তিনি। কিছুদিন আগেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে জায়গা পান তিনি। কিন্তু পুরোনো ইনজুরি দেখা দেওয়াই শেষমুহূর্তে দল থেকে ছিটকে যান এই পেস বোলিং অলরাউন্ডার।
এখনও ম্যাচ খেলার মতো ফিট না থাকলেও, আসন্ন এশিয়া কাপ দিয়ে আবারও বাংলাদেশের জার্সিতে ফেরার প্রত্যাশা তার। সাইফউদ্দিন বলেন,”২৪ তারিখ যাবো। সেখানে সপ্তাহখানেক থাকা লাগবে। শীঘ্রই মাঠে ফিরতে পারবো ইনশাল্লাহ।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই মাঠে নামতে পারতেন সাইফউদ্দিন। কিন্তু একটানা বোলিং করতে পারছিলেন না এই পেস বোলিং অলরাউন্ডার। তার বোলিংয়ের কথা বিবেচনা করে তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নেয়নি বিসিবি।
আপাতত খুলনায় অনুষ্ঠেয় বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ম্যাচে খেলতে চান সাইফউদ্দিন। তিনি বলেন,”সামনে যেহেতু বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ম্যাচ আছে খুলনায়, নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম, ওখানে একটা-দুইটা ম্যাচ খেলে বুঝব যে কোন অবস্থায় আছি।”
