তামিমের সিদ্ধান্তের প্রহর গুনছে বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বছরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতির ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। সেই বিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি মাসেই। গত মাসে তামিম বিশদ এক বার্তায় টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। জানিয়েছিলেন ছয় মাসের বিরতি শেষ হলেই তিনি নিজের সিদ্ধান্ত জানাবেন।

তামিম তার সিদ্ধান্ত কখন জানাবেন এটা মনে করিয়ে দেয়ার কিছু নেই বলে মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তামিমের ফেরা প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেছেন,”তামিমই সেটা জানাবে, অপেক্ষা করুন। হয়ত এই সিরিজের পর বা জুলাই শেষে। জুলাই পর্যন্ত সময় নিয়েছে, আগস্টে জানানোর কথা। জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে হয়ত জানিয়ে দিবে। আমাদের কোনো রিমাইন্ডার নেই। তার সাথে অনেক মিটিং হয়েছে। মনে করিয়ে দেওয়ার কিছু নেই। সেই বলবে, সেই জানানোর কথা।”

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরে তামিমকে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনো দোলচল রয়েছে।অবশ্য জালাল ইউনুস জানিয়েছেন তারা সব সময়ই তামিমের ব্যাপারে ইতিবাচক আছেন।

তিনি বলেন,”বিশ্বকাপে খেলবে কি না সেটা তো সে বলেনি এখনও। এভেইলেবল কি না তা তো আমাদেরকেও বলেনি। বিশ্বকাপ তো পরে, সে টি-টোয়েন্টি খেলবে কি না এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো ইতিবাচক ছিলাম সবসময়, আমরা তো তাকে চাচ্ছিলাম। সিদ্ধান্ত তার কাছে, আমাদের কাছে না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »