রানে ফিরতে কোহলিকে পরামর্শ বয়কটের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বছর দুয়েক ধরে আলোচনায় ছিল কোহলির সেঞ্চুরি খরা। এখন সেটা রূপ নিয়েছে রান খরায়, আর ফর্মহীনতায়। এতদিন বড় ইনিংস খেলতে না পারলেও রান পাচ্ছিলেন নিয়মিত। তবে সাম্প্রতিক কোহলির খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়াতে কোহলিকে ব্যাটিংয়ে আরও বেশি মনযোগী হওয়ার পরামর্শ দিলেন জেফ বয়কট।

কোহলি শেষবার শতকের দেখা পেয়েছিলেন ইডেনে। সেটা অবশ্য ২০১৯ সালের নভেম্বরের কথা। সময়ের হিসেবে তা ৩২ মাস! প্রায় তিন বছরের ব্যবধানে এখন প্রশ্ন উঠছে কোহলির ফর্ম নিয়েও। আর ওয়ানডেতে সর্বশেষ ৭ ইনিংসে ২৫ গড়ে করেছেন ১৪৯ রান। যেখানে তার ক্যারিয়ার গড় প্রায় ৫৮।

বয়কট বলেন,”কোহলি বাইরের বল স্টাম্পে ডেকে এনেছে কারণ সে দোটানায় ছিল। সামনে পা বাড়িয়েছে ঠিকই, তবে বুঝে উঠতে পারেনি, বলটি কীভাবে সামলাবে। এখানে নিজের ভাবনায় পরিষ্কার থাকতে হবে তাকে।”

কোহলির বাজে ফর্ম প্রভাব ফেলেছে তার র‍্যাঙ্কিংয়েও। ফলস্বরূপ আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে কোহলি নেমে গেছেন ১৩ নম্বরে। ব্যাটিংয়ে আবারও চেনা রূপে ফিরতে কোহলিকে আরও বেশি সতর্ক হতে বললেন বয়কট।

ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বলেন,”তাকে সাবলীল মনে হচ্ছে না এবং এটা তাকে বুঝতে হবে যে, কেউ যখন ছন্দে থাকে না, তাকে তখন আরও বেশি সতর্ক থাকতে হয়। ভুলের পরিমাণ কমাতে হবে তার, আরও বেশি মনোযোগ দিতে হবে এবং উইকেটের মূল্য দিতে হবে। যখন থেকে সে এটা করা শুরু করবে (মনোযোগ বেশি দেয়া), ভুলের সংখ্যা কমে যাবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »