এই সেঞ্চুরি আমাকে আত্মবিশ্বাস দিয়েছে: জাদেজা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

প্রথমবারের মত দেশের বাইরে লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি পেলেন রবীন্দ্র জাদেজা। সেটাও ইংল্যান্ডের কন্ডিশনে তাদের সুইং আর বাউন্সের বিপক্ষে। এমন ইনিংস খেলার পর আত্মবিশ্বাস পাচ্ছেন এই অলরাউন্ডার।

এজবাস্টনে একশো পেরোনোর আগেই টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়ে ধুকছিল ভারত। এরপর দলের হাল ধরেন ঋষভ পান্ত আর জাদেজা। এই দুইজনের কাউন্টার অ্যাটাকে আবারও ম্যাচে ফিরে জাসপ্রিত বুমরাহর দল। একপ্রান্তে পান্তের আক্রমণাত্মক ব্যাটিং আর অপর প্রান্তে জাদেজার মাস্টারক্লাস। শেষ পর্যন্ত সেঞ্চুরি পেয়েছেন দুজনই। সাদা পোশাকের ক্রিকেটে দেশের বাইরে এই প্রথম তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির পর জাদেজা বলেন,”আমি সত্যিই কিছুটা আত্মবিশ্বাস পেয়েছি। বিশেষ করে ইংল্যান্ডের মতো কন্ডিশনে সেঞ্চুরি করতে পেরে। এটি করতে পেরে খুব ভালো লাগছে।”

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো করতে পারেননি জাদেজা। বাজে পারফরম্যান্সের কারণে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বও হারান এই অলরাউন্ডার। তবে ব্যর্থতা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পেরে খুশি তিনি।

জাদেজা বলেন,”আইপিএল আমার মাথায় ছিল না। আপনি যখনই ভারতের হয়ে খেলছেন, আপনার পুরো মনোযোগ ভারতীয় দলের দিকে থাকা দরকার। আমার জন্যও একই ছিল, ভারতের হয়ে ভালো পারফর্ম করার চেয়ে বেশি ভালোলাগা আর কিছু হতে পারে না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »