নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আটলান্টিকের ভয়াবহ ফেরিযাত্রা শেষ করে ডমিনিকাতে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে পৌঁছেই বৃষ্টির হানা ফলে কোনো অনুশীলন না করেই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামে বাংলাদেশ দল। ম্যাচটিও হয়েছে পরিত্যক্ত। আর সেই ম্যাচে ১৩ ওভার ব্যাটিং করেই ৮ উইকেট হারায় তারা। এমন পারফরম্যান্সের পরেও হতাশ নন রাসেল ডমিঙ্গো। তবে ফেরিযাত্রাকে কোনোভাবেই অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন না তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে ভালো ব্যাটিং করলেও পরে পথ হারায় বাংলাদেশ। শুরুতে সাকিব আল হাসান ও শেষের দিকে নুরুল হাসান সোহান ছাড়া আর কেউই রান করতে পারেননি। বার বার বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যাক্ত হয়।
ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পর বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্সে হতাশ হননি ডমিঙ্গো। একইসঙ্গে ম্যাচের ঠিক এক দিন আগে টাইগারদের ভয়াবহ ফেরিযাত্রাকেও অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন না তিনি। ডমিঙ্গোর আশা পরের ম্যাচে দলগতভাবে আরও ভালো খেলবে বাংলাদেশ।
ডমিঙ্গো বলেন,”(ফেরিযাত্রার প্রভাব) কোনো অজুহাত হতে পারে না। এটি ওয়েস্ট ইন্ডিজের জন্যও সমান ছিল। তারাও গতকাল অনুশীলন করতে পারেনি, তারাও একই ফেরিতে ছিল। তাই এ ব্যাপারে কোনো অজুহাত নয়। বেশ কয়েকজন খেলোয়াড় গত কয়েক সপ্তাহ ধরে কোনো ম্যাচ খেলেনি। আফিফ, মাহমুদউল্লাহ… তারা ঢাকায় অনুশীলন করছিল শুধু। অন্তত আজকে কিছু সময় পাওয়া গেছে ম্যাচের। আমি নিশ্চিত দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলবো।”
