নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সব ফরম্যাটে বিশ্বের শীর্ষ ব্যাটার হওয়া মোটেও সহজ কোন বিষয় নয়। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অবশ্য বাবর আজম এখন এক নম্বর ব্যাটার। তবে কখনও টেস্টের শীর্ষস্থানে উঠা হয়নি তার। ভারতের জনপ্রিয় ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক দীনেশ কার্তিক মনে করেন, বাবর টেস্টেও বিশ্বসেরা ব্যাটার, অর্থাৎ র্যাংকিংয়ে এক নম্বর হবেন।
সম্প্রতি আইসিসি রিভিউ অনুষ্ঠানে পাকিস্তান জাতীয় দলের অধিনায়ককে নিয়ে এমন মন্তব্য করেছেন কার্তিক। বাবরের ব্যাটিং কেন তার ভালো লাগে তা-ও খোলাসা করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নজরকাড়া পারফর্ম করে ভারতের টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন করা এই ক্রিকেটার।
কার্তিক বলেন,”সব ফরম্যাটে যে বাবর বিশ্বের এক নম্বর ব্যাটার হওয়ার সামর্থ্য রাখে এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। ও অনেক উঁচু মানের ক্রিকেটার। তার ব্যাটিং দক্ষতা শীর্ষ মানের। সামনে কিছু টেস্ট ম্যাচ আছে। আমার বিশ্বাস টেস্টেও ও ভালো খেলবে।”
ওয়ানডে ও টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটার বাবর যে টেস্টে খুব পিছিয়ে আছেন এমন নয়। এই ফরম্যাটেও তিনি আছেন শীর্ষ পাঁচে। কার্তিকের আশা, তার চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই ব্যাটার টেস্টেও ভালো পারফর্ম করে আলো ছড়াবেন।
কার্তিকের ভাষায়,”তিনটি ফরম্যাটেই বাবর অসাধারণ খেলছে। বিভিন্ন ব্যাটিং পজিশনে ও ব্যাট করেছে। ওর মধ্যে প্রতিভা আছে, দলের সবাইও তাকে অনেক সাহায্য করছে। দেশের হয়ে ভালো খেলতে মুখিয়ে থাকে।”
বাবরের ব্যাটিংয়ের দুটি জিনিস কার্তিকের ভীষণ মনে ধরেছে। তিনি জানান,”ব্যাটিংয়ের দুটো জিনিস আমার আলাদা করে নজরে পড়েছে। একটা ওর ভারসাম্য, আরেকটা ব্যাটের যে জায়গা দিয়ে মারছে। ব্যাটের যে জায়গা দিয়ে বলটাকে সবচেয়ে জোরে মারা যায় ও সেখান দিয়েই মারে। বাকিদের থেকে এটাই ওকে আলাদা করে রেখেছে।”
