এনসিএল-বিসিএলে বিদেশিদের সুযোগ দেওয়ার ভাবনা সুজনের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতের হয়ে ১৫টি টেস্ট খেলা ব্যাটার হনুমা বিহারী টেস্ট সিরিজের পর খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। বিহারির মত বিদেশি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণের কারণে ডিপিএল নিয়ে উন্মাদনাও ছিল চরমে। একই দৃশ্য কি দেখা যাবে বিসিএল-এনসিএলের মত টুর্নামেন্টেও?

জাতীয় দলের টিম ডিরেক্টর, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনের বক্তব্যে এই প্রশ্ন উঠেছে ক্রিকেটপাড়ায়।আর সেজন্য বিদেশি ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে সুজন।

টেস্ট দলের মেরুদণ্ড শক্ত করতে বিদেশি ক্রিকেটারদের জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগে নেওয়ার কথা ভাবছেন সুজন।

তিনি বলেন,”আমাদের সময়ও ঘরোয়া ক্রিকেটে বিদেশি খেলোয়াড়ের অনুমতি ছিল। ওয়ানডে উন্নতি হয়েছে এভাবেই। একসময় একাদশে ৫ জন বিদেশি খেলতে পারত। সেটা ৪ জন, ৩ জন, ২ জন করে কমতে কমতে এখন ১ জন খেলে। মাঝখানে বিদেশি খেলোয়াড় ছিলই না। এখন অবশ্য ওয়ানডে স্কোয়াড অনেক শক্তিশালী। টেস্টে আমরা বিদেশি খেলোয়াড় রাখব কি না এটা গুরুত্বপূর্ণ ব্যাপার।”

প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর পাশাপাশি এনসিএল, বিসিএলের মত টুর্নামেন্টের আকর্ষণ বৃদ্ধি পেলে খেলার মান বাড়বে, এ নিয়ে সন্দেহ নেই। সেই সাথে টেস্ট ক্রিকেটের সাথে দেশের প্রথম শ্রেণির টুর্নামেন্টের ব্যবধানও কমতে পারে, মনে করেন সুজন।

তিনি বলেন,”আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে অনেক গ্যাপ রয়ে গেছে। যারা ঘরোয়াতে অনেক ভালো করছে তারা আন্তর্জাতিকে এসেই ভালো করতে পারবে এটার নিশ্চয়তা নেই। তাই কীভাবে এসব টুর্নামেন্ট ছেলেদের কাছে আরও আকর্ষণীয় করতে পারি তা গুরুত্বপূর্ণ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »